প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ এএম
খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। ছবি : সংগৃহীত খাগড়াছড়ি ও রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছেন ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের নেতা-কর্মীরা। সাজেকে অবরোধ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনার প্রতিবাদে শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শনিবার ভোর থেকে খাগড়াছড়ি-চট্টগ্রামসহ বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ কেটে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেন পরিষদের নেতা-কর্মীরা। খাগড়াছড়ি পৌর শহরের চেঙ্গী সেতু এলাকায় দুই দফায় সড়কে টায়ার জ্বালানোর চেষ্টা করেন অবরোধকারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেন।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে কোনো দূরপাল্লার পরিবহন ছেড়ে যায়নি। তবে জেলা শহরের ভেতরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা নৈশ কোচসহ যাত্রী ও পণ্যবাহী পরিবহন বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় সকাল ৯টার দিকে যানবাহনগুলো জেলা সদরে পৌঁছায়।
দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সড়কেও পরিবহন চলাচল বন্ধ থাকায় গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, জেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন এবং অবস্থান করছেন। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
সময়ের আলো/জেডি