প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১১:৩৪ এএম
উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুর রহমানকে বিদায় সংবর্ধনা দিচ্ছেন মুসল্লি ও এলাকাবাসী। ছবি : সময়ের আলো দীর্ঘ ৪৮ বছর ইমামতি করেছেন মসজিদে। প্রজন্মের পর প্রজন্ম তার পেছনে দাঁড়িয়ে আদায় করেছেন নামাজ। সেই প্রিয় ইমামের বিদায়বেলায় চোখের পানি ধরে রাখতে পারেননি মুসল্লিরা। ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বিদায় দেওয়ার পর গাড়িবহর নিয়ে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেন এলাকাবাসী।
চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর নয়াকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ফজলুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনায় এমন আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
গত ২৩ অক্টোবর মসজিদ ও মাদ্রাসা মাঠে মসজিদ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ১৯৭৮ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ৪৮ বছর তিনি এ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। ধর্মীয় শিক্ষা ও উপদেশ দেওয়ার পাশাপাশি সুখে-দুঃখে এলাকাবাসীর পাশে থেকে হয়ে উঠেছিলেন তাদের আপনজন।
মুসল্লি ও এলাকাবাসী জানান, দীর্ঘদিনের নিষ্ঠা, আন্তরিকতা ও দ্বীনি খেদমতের মাধ্যমে মাওলানা ফজলুর রহমান সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অবদান স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত কণ্ঠে মাওলানা ফজলুর রহমান বলেন, দীর্ঘ ৪৮ বছর তিনি এ মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তার কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। এ সময় তিনি উপস্থিত সবার কাছে নিজের সুস্থতা ও কল্যাণের জন্য দোয়া কামনা করেন।
অসুস্থতার কারণে অবসরে যাওয়া এই ইমামকে অনুষ্ঠানের শেষে উপজেলার সফিবাদ গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছে দেন মুসল্লি ও এলাকাবাসী।
মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মিজান সরকারের সভাপতিত্বে এবং মোহাম্মদ আবু সালেহের পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও ইমামের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
সময়ের আলো/এমকে