বাংলা ও হিন্দি-দুই ভাষাতেই যার কণ্ঠ কোটি মানুষের অনুভূতির সঙ্গে মিশে আছে, সেই অরিজিৎ সিং হঠাৎই জানালেন বড় সিদ্ধান্তের কথা। বলিউডের জনপ্রিয় এই গায়ক আর নিয়মিত সিনেমার গান গাইবেন না- এমন ঘোষণায় ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বিস্ময় ও আবেগ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের পেছনের কারণ তুলে ধরেছেন অরিজিৎ সিং। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন একই ধরনের সংগীতচর্চা করতে গিয়ে এক ধরনের একঘেয়েমি গ্রাস করছিল তাকে।
পোস্টে তিনি লেখেন, ‘এই সিদ্ধান্ত অনেক আগেই মাথায় এসেছিল, তবে সাহস করে এতদিন বাস্তবায়ন করা হয়নি। একটা কাজ দীর্ঘ সময় ধরে করতে থাকলে আমার মধ্যে একঘেয়েমি চলে আসে। সেই কারণেই আমার গানের অ্যারেঞ্জমেন্টে বারবার পরিবর্তন আনার চেষ্টা করেছি। এবার মনে হলো, নতুন ধরনের সংগীতের সন্ধানে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেওয়ার সময় এসেছে।’
আরও পড়ুন
অরিজিৎ সিংয়ের সংগীত জীবনের শুরু হয়েছিল ২০১০ সালে তেলেগু চলচ্চিত্র ‘কেডি’-এর মাধ্যমে। পরে বলিউডে তার যাত্রা শুরু হয় ‘মার্ডার ২’ সিনেমায় গান গাওয়ার মাধ্যমে। তবে ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকী ২’ সিনেমার গানই তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।
এরপর প্রায় দুই দশক ধরে বলিউডের প্লেব্যাক জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন তিনি। তবে প্লেব্যাক গান থেকে বিরতি নিলেও সংগীত থেকে দূরে সরে যাচ্ছেন না অরিজিৎ—এ কথা স্পষ্ট করেছেন নিজেই। বরং নতুন ঘরানার সংগীত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই এখন তার মূল লক্ষ্য।
এ সিদ্ধান্তের পেছনে আরেকটি মানবিক দিকের কথাও তুলে ধরেছেন এই শিল্পী। তিনি বলেন, নতুন প্রজন্মের শিল্পীদের জন্য জায়গা করে দিতে চান তিনি। ‘আমি নতুনদের গান শুনতে চাই, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নিতে চাই। তারাই আমাকে নতুনভাবে ভাবতে শেখাবে’-বলেছেন অরিজিৎ সিং।
ভক্তদের কাছে এই সিদ্ধান্ত কিছুটা আবেগঘন হলেও অনেকেই মনে করছেন, সৃজনশীলতার নতুন পথে হাঁটার এই সাহসী পদক্ষেপ অরিজিতের শিল্পীসত্তাকেই আরও সমৃদ্ধ করবে।
এএডি/