সমুদ্রে গোপন সুড়ঙ্গ প্রকাশ ইরানের

সময়ের আলো ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,

2026-01-30T05:12:51+00:00
2026-01-30T05:12:51+00:00
 
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ১৩ জুন ২০২৬
সমুদ্রে গোপন সুড়ঙ্গ প্রকাশ ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ৫:১২ এএম   (ভিজিট : ২৩৯)
ইরানের তেহরানের ডাউনটাউনে একটি রাষ্ট্রীয় ভবনের গায়ে বিশাল আকারের যুক্তরাষ্ট্রবিরোধী বিলবোর্ড টাঙানো হয়েছে, যেখানে প্রতীকীভাবে ধ্বংসপ্রাপ্ত ইউএসএস আব্রাহাম লিংকন (CVN-72) বিমানবাহী রণতরীর ছবি প্রদর্শিত হচ্ছে। ছবি : দ্য ডেইলি মেইল
যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পানির নিচে ক্ষেপণাস্ত্র টানেলের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে ইরান। একই সঙ্গে তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানে হামলা হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আর নিরাপদ থাকবে না। এদিকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বুধবার সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এতে বলা হয়েছে, ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে বলেছেন সৌদির ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো হামলা চালাতে দেওয়া হবে না। এ ছাড়া সৌদির আকাশসীমাও ব্যবহার করতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেন তিনি। ক্রাউন প্রিন্স ইরানের প্রেসিডেন্টকে নিজেদের অবস্থান জানিয়ে বলেন, সৌদি আরব ইরানের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করে। বুধবার দ্য নিউ আরবের এক প্রতিবেদন থেকে এসব জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিও ফুটেজে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে বিস্তৃত সাবমেরিন ক্ষেপণাস্ত্র ঘাঁটির ভেতরে দেখা গিয়েছে। এ ঘাঁটিতে সারিবদ্ধভাবে রাখা ছিল বহু দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এসব যেকোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

তাংসিরি জানান, পারস্য উপসাগর ও ওমান সাগরে মোতায়েন মার্কিন নৌযানের মোকাবিলায় ইরান সমুদ্রের নিচে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এসব টানেলে এক হাজার কিলোমিটারের বেশি পাল্লার শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, আইআরজিসি নৌবাহিনী নির্মিত ‘কাদের-৩৮০ এল’ ক্ষেপণাস্ত্রের পাল্লা এক হাজার কিলোমিটারের বেশি এবং এতে অত্যাধুনিক স্মার্ট গাইডেন্স সিস্টেম রয়েছে। এটি লক্ষ্যবস্তুতে আঘাত না করা পর্যন্ত ট্র্যাক করতে সক্ষম। তাংসিরি বলেন, আমাদের সক্ষমতা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। যেকোনো হুমকির মোকাবিলায়, যেকোনো মাত্রায় এবং যেকোনো ভূগোলেই ইরানি বাহিনী প্রস্তুত।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘোষণার পাশাপাশি ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত করারও প্রকাশ্য হুমকি দিয়েছে। এই প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২১ মিলিয়ন ব্যারেল তেল পরিবহন করা হয়। এটি বৈশ্বিক তেল পরিবহনের প্রায় ৩৭ শতাংশ।

আইআরজিসি নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেন, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচÑ সব ক্ষেত্রেই হরমুজ প্রণালির ওপর ইরানের সম্পূর্ণ আধিপত্য রয়েছে। তিনি বলেন, এই প্রণালির নিরাপত্তা তেহরানে নেওয়া সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া বক্তব্যে আকবরজাদেহ জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম ইরান। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধ চাপিয়ে দিলে আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর জবাব দেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলো বন্ধু হিসেবে বিবেচিত হলেও, যদি তাদের আকাশসীমা, ভূমি বা জলসীমা ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হয়, তবে তাদের শত্রু হিসেবে দেখা হবে।

ইরানের সেনাবাহিনীতে এক হাজার নতুন ড্রোন যুক্ত : যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন তুঙ্গে তখন ইরানের সেনাবাহিনীতে এক হাজার নতুন ড্রোন যুক্ত করা হয়েছে। একই সঙ্গে যেকোনো হামলার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যের জলসীমায় একটি নৌবহর মোতায়েন করেছে, সেই প্রেক্ষাপটেই ইরান এই পদক্ষেপ নিল।

ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতামি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, আমরা যে ধরনের হুমকির মুখে আছি, তার কারণে দ্রুত যুদ্ধক্ষমতা বৃদ্ধি করা এবং যেকোনো আগ্রাসনের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো আমাদের সেনাবাহিনীর প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, কৌশলগত সক্ষমতা ধরে রাখা ও শক্তিশালী করা সবসময়ই ইরান সেনাবাহিনীর কর্মসূচির অংশ। ২০২৫ সালের জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে এসব ড্রোন তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোন নির্মাণে ভূমিকা রেখেছেন। ড্রোনগুলো ধ্বংসাত্মক, আক্রমণাত্মক, গোয়েন্দা ও ইলেকট্রনিক যুদ্ধ— এই চারটি শ্রেণিতে নকশা করা হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির এসব ড্রোন স্থল, সমুদ্র ও আকাশসীমাজুড়ে স্থির ও চলমান যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এফআর


  বিষয়:   যুক্তরাষ্ট্র  হামলার শঙ্কা  সমুদ্র  গোপন সুড়ঙ্গ  প্রকাশ  ইরান 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: