আজ শুক্রবার রংপুরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার আগমন ঘিরে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। সর্বশেষ ২০০৩ সালে রংপুর সফর করে তিনি গভীর রাতে গার্লস স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করে প্রশংসা অর্জন করেছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দীর্ঘ দুই দশক পর তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা দিয়েছে নেতাকর্মীদের মাঝে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় মঞ্চ তৈরির কাজ। চলছে মাইক টাঙানোর প্রস্তুতি।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম, জানান মাঠের প্রবেশ করতে পারছেন না এরকম শ্রোতাদের জন্য মাঠে এবং মাঠের বাইরে দুইশ মাইক লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া অতিরিক্ত মাইক প্রস্তুত থাকবে। চেয়ারম্যান তারেক রহমানকে বরণে সব ধরনের প্রস্তুতি শেষে উৎসবের আমেজ বিরাজ করছে।
বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, তারেক রহমানের রংপুর আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতি চলছে। নেতাকর্মীদের মাঝে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আশা করছি এবারের এই জনসভা স্মরণকালের সবচেয়ে বড় জনসভা হবে।
শুক্রবার বগুড়া থেকে রংপুর যাওয়ার সময় বিকেল পৌনে চারটায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সময়ের আলো/আআ