প্রকাশ: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ পিএম আপডেট: ৩০.০১.২০২৬ ১:০৮ পিএম
ফেনীর নির্বাচনি জনসভায় ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবিজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেনী নদীর যে বাঁধটির কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, প্রতিবেশী দেশের সাথে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, ফেনী নদী নিয়ে কথা বলতে গিয়ে আবরার ফাহাদ শহিদ হয়েছেন। আধিপত্যের দোসররা তাকে সহ্য করতে পারেনি। আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন। সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সুযোগ দিলে ফেনীসহ ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। ফেনীতেও সরকারি মেডিকেল কলেজ এবং বিশেষায়িত হাসপাতাল হবে। এছাড়া ফেনীর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে তৈরি করা হবে।
জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জুসহ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলীয় নেতারা।
এদিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে পড়ে সমাবেশস্থল। শহরের বিভিন্ন স্থানে ও সমাবেশ স্থলে ব্যানার ফেস্টুনে ভরপুর হয়ে যায়।
সময়ের আলো/আআ