ইরানের সর্বোচ্চ নেতার যুদ্ধের হুঁশিয়ারি সত্ত্বেও তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পরিস্থিতি উত্তপ্ত হলেও এখনো একটি চুক্তির সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না।
বার্তা সংস্থা এএফপি জানায়, এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসলামী প্রজাতন্ত্রের ওপর কোনো ধরনের সামরিক হামলা চালায়, তাহলে তা পুরো মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে।
গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়া হয়। ওই সময় ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের হুমকি দেয় এবং মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী বহর পাঠানোর নির্দেশ দেয়।
রোববার দেওয়া এক ভাষণে আয়াতুল্লাহ খামেনি সাম্প্রতিক বিক্ষোভকে ‘অভ্যুত্থান’ আখ্যা দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, তবে তা একটি আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। একই সঙ্গে তিনি ইরানের জনগণকে আশ্বস্ত করে বলেন, ট্রাম্পের বক্তব্যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
আরও পড়ুন
খামেনির দাবি, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে, সরকারি স্থাপনা, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কেন্দ্র, ব্যাংক ও মসজিদে ভাঙচুর করেছে এবং কোরআন অবমাননা করেছে। তার মতে, এসব কর্মকাণ্ড একটি সংগঠিত অভ্যুত্থানের অংশ ছিল, যা ইতোমধ্যে দমন করা হয়েছে।
ইরানি নেতার এই বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘অবশ্যই তিনি এমনটাই বলবেন। আমি এখনো আশা করছি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। যদি তা না হয়, তাহলে দেখা যাবে পরবর্তী পরিস্থিতি কী দাঁড়ায়।’
উল্লেখ্য, ইরানে প্রথমে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ থেকেই বিক্ষোভ শুরু হয়। তবে দ্রুতই তা সরকারবিরোধী বৃহত্তর আন্দোলনে রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ এই আন্দোলনকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উসকানিতে সৃষ্ট সহিংসতা বলে দাবি করে আসছে।
এদিকে রোববার ইরানের আদালত ২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছে বলে তার আইনজীবী জানিয়েছেন। এর আগে ওয়াশিংটন সতর্ক করে বলেছিল, সোলতানি মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন এবং কোনো বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে।
ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে এরফান সোলতানিকে ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা ও জাতীয় নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তবে তেহরানের দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান নেই এবং তাকে কখনোই মৃত্যুদণ্ড দেওয়া হয়নি।
এএডি/