বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে কারো রক্তচক্ষু আমরা পরোয়া করব না। যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ হেলিপ্যাড মাঠে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, তিস্তার জন্য জীবন দেব আমরা, তিস্তা আর কঙ্কাল বা মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরাঞ্চলের অর্থনীতির কেন্দ্রবিন্দু। নদী ভাঙনে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। আমরা কারো স্বার্থে আঘাত করব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ আঘাত করলে তা বরদাশত করব না।
তিনি আরও বলেন, উত্তরবঙ্গ কি কারো সৎমায়ের সন্তান যে তাকে অবহেলা করতে হবে? আমরা কথা দিচ্ছি, উন্নয়নের বীজ প্রথমেই এই উত্তরবঙ্গে বপন করা হবে।
এ সময় জনসভায় লালমনিরহাট জেলার সাত আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীদের মাঝে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা হাতে তুলে দেন ড. শফিকুর রহমান।
এফআর