যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক । ছবি : সংগৃহীত সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য না ছড়িয়ে সাধারণ মানুষের বাস্তব সমস্যা সমাধানে কাজ করতে বিরোধী দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দেশের মানুষ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচারে তারা সহজে বিশ্বাস করে না।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্লবীর বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘সরকার বিভিন্ন মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন এবং জনগণের মৌলিক সমস্যাগুলো সমাধানে কাজ করছে। এমন পরিস্থিতিতে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।’
বিরোধী দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের অধিকার রক্ষায় সত্যিকার অর্থে কাজ করতে চাইলে তাদের পাশে দাঁড়াতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ত না থেকে মানুষের বাস্তব সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন। মিথ্যা অপপ্রচার তারা আর খুব একটা বিশ্বাস করে না। আসুন, আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি।’
দেশের মানুষের প্রত্যাশা পূরণ, অধিকার রক্ষা এবং অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাকে সরকারের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক দেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ঢাকা-১৬ আসনের উন্নয়ন প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘পল্লবী ও রূপনগর এলাকার মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।’ প্রায় ৪৫ বছর ধরে তিনি এ এলাকায় বসবাস করছেন। সাবেক ফুটবলার ও রাজনৈতিক কর্মী হিসেবে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
আমিনুল হক বলেন, ‘এবারের নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করা না হলেও এলাকার মানুষের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।’ পল্লবী ও রূপনগরের চারটি ওয়ার্ডের মানুষের মৌলিক ও সামাজিক সমস্যাগুলো সমাধানে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজের ভবন সংস্কার, খেলার মাঠের উন্নয়ন ও আধুনিকায়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।’ এ ছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ এবং ওয়াসার পানির পাম্পসংক্রান্ত সমস্যাগুলো সমাধানেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন।
বাউনিয়াবাঁধ আইডিয়াল হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মহানগর নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু এবং পল্লবী থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও বাউনিয়াবাঁধ উন্নয়ন কমিটির চেয়ারম্যান আশরাফ আলী গাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এসকে