জামায়াত ও এনসিপির নির্বাচনী ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে নতুন করে আলোচনায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষিকা শেহরীন আমিন চৌধুরী মোনামী।
বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বিষয়টি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়।
ফেসবুকে দেওয়া পোস্টে মোনামী জানান, ‘একাদশ দলীয় জোটের অন্তর্ভুক্ত এনসিপি ও জামায়াত- উভয় দলের ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, এই নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে এমনটাই তিনি প্রত্যাশা করেন। জামায়াতের ইশতেহার শুধু নারীবান্ধব নয়, জনবান্ধবও।’
এর আগেও বিভিন্ন ঘটনায় আলোচনায় ছিলেন এই শিক্ষিকা। ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কারের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে পুলিশের হাতে আটক এক শিক্ষার্থীকে ছাড়াতে গিয়ে আহত হন তিনি। সেই ঘটনার মধ্য দিয়েই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন মোনামী।
আরও পড়ুন
পরবর্তীতে ডাকসু নির্বাচনের সময় দায়িত্ব পালনকালে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামিমের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দিলেও পরে হামিম প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
সাম্প্রতিক সময়ে জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে তার উপস্থিতি এবং এ নিয়ে দেওয়া ফেসবুক পোস্ট নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
এএডি/