জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে গত সোমবার সংবাদ সম্মেলনে ঘটে যাওয়া ঘটনাকে ‘অনাকাক্সিক্ষত’ ও ‘দুঃখজনক’ বলে আখ্যা দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
ঘটনাটি ক্রিকেট অঙ্গনে আলোচনা জন্ম দেওয়ার প্রেক্ষাপটে বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংগঠনটি।
কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে সংবাদ সম্মেলনের মতো একটি পেশাদার পরিসরে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও শিষ্টাচার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোয়াবের ভাষায়, ‘এই ধরনের ঘটনা দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। বিশেষ করে এমন একটি পরিসরে যেখানে পারস্পরিক শ্রদ্ধা, সংযম ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ক্রিকেট নিয়ে আলোচনা ও মতবিনিময়ে ভিন্নমত থাকাকে স্বাভাবিক বলেই মনে করে কোয়াব। তবে সেই ভিন্নমত প্রকাশের ধরন নিয়ে সংগঠনটি বিশেষ গুরুত্ব দিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘মতভিন্নতা বা কঠিন প্রশ্ন থাকতেই পারে, তবে তা প্রকাশ ও মোকাবিলার ক্ষেত্রে সংযম, পারস্পরিক শ্রদ্ধা এবং পেশাগত শিষ্টাচার বজায় রাখা সবার দায়িত্ব।’
এ প্রসঙ্গে ক্রিকেটের সঙ্গে যুক্ত সব পক্ষের সম্মান রক্ষার কথাও মনে করিয়ে দিয়েছে ক্রিকেটারদের এই সংগঠনটি।