প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ এএম
সংগৃহীত ছবিযৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম।
তদন্ত শেষ হলেও স্বচ্ছতা ও তথ্যপ্রাপ্তির ঘাটতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। জাহানারার পক্ষে তার নিযুক্ত আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মাহবুব অ্যান্ড কোম্পানি’ রোববার বিবৃতিতে এই অবস্থান স্পষ্ট করেছে।
বিবৃতিতে বলা হয় অভিযোগকারী হিসেবে তদন্তের ফলাফল জানার এবং প্রতিবেদন পাওয়ার পূর্ণ অধিকার জাহানারা আলমের থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এমনকি তদন্ত প্রতিবেদনটির কোনো অনুলিপিও তার কাছে সরবরাহ করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক।
আইনজীবীরা উল্লেখ করেন, যৌন হয়রানি, অসদাচরণ, প্রতিশোধমূলক আচরণ ও গোপনীয়তা লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তা গ্রহণযোগ্য নয়। তদন্ত সম্পন্ন হওয়ায় জাহানারা আলম স্বস্তি পেলেও পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব তাকে হতাশ করেছে বলে বিবৃতিতে জানানো হয়।
গত ৪ ফেব্রুয়ারি বিসিবির দেওয়া এক বিবৃতির প্রেক্ষিতেই জাহানারার আইনজীবীরা এই প্রতিক্রিয়া জানান। তাদের দাবি, তদন্ত প্রতিবেদন নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়ে বিসিবিকে ই-মেইল করা হলে বোর্ড জানায়, প্রতিবেদনটি বর্তমানে তাদের লিগ্যাল টিমের পর্যালোচনায় রয়েছে। তবে জাহানারাকে আদৌ এই প্রতিবেদন দেওয়া হবে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত আশ্বাস দেয়নি বিসিবি।
বিসিবির বিবৃতির তথ্য অনুযায়ী, তদন্ত কমিটি জাহানারা আলমের উত্থাপিত চারটি নির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ মিলেছে বলেও জানানো হয়।
তবে কোন দুটি অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সেই সিদ্ধান্তে পৌঁছাতে কী ধরনের তথ্যগত ভিত্তি বিবেচনায় নেওয়া হয়েছে, সে বিষয়ে বিসিবি কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি। জাহানারা আলমের পক্ষ থেকে এই অস্পষ্টতাকে গুরুতর অভিযোগের প্রেক্ষাপটে হতাশাজনক বলে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিসিবির দাবি ছিল, তদন্ত কমিটি জাহানারার অভিযোগের ভিত্তিতে নয় বরং বোর্ডের নিজস্ব উদ্যোগে গঠিত হয়েছে। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জাহানারার আইনজীবীরা স্পষ্ট করেন, কমিটিটি মূলত তার করা যৌন হয়রানিসংক্রান্ত আনুষ্ঠানিক অভিযোগ তদন্তের উদ্দেশ্যেই গঠন করা হয়েছিল।
সব মিলিয়ে, তদন্ত প্রতিবেদন প্রকাশ ও অভিযোগকারীকে তথ্য দেওয়ার প্রশ্নে বিসিবির অবস্থান নিয়ে জাহানারা আলমের অসন্তোষ এখন প্রকাশ্যে এসেছে, যা নারী ক্রিকেট ও ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
সময়ের আলো/এআর