বাংলাদেশ নারী ফুটবল লিগের শিরোপা এখন হাতছোঁয়া দূরত্বে রাজশাহী স্টারস এফসির। লিগের শেষ ম্যাচে ড্র করতে পারলেই চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মাতবেন ঋতুপর্ণা-আফঈদারা।
গতকাল বাফুফে ভবনের টার্ফে অনুষ্ঠিত ম্যাচে সদ্যপুষ্করণী জেআরসিকে ৮-০ গোলে বিধ্বস্ত করে শিরোপার পথে এক পা বাড়িয়ে রেখেছে রাজশাহী। দিনের অন্য ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ১৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৩ দিনের বিরতি শেষে লিগ শুরু হতেই মাঠে যেন গোল উৎসবে মাতেন রাজশাহীর মেয়েরা। সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আলপি আক্তার নিজের ফর্ম টেনে এনেছেন ক্লাবের জার্সিতেও। নেপাল থেকে ফিরেই গতকাল করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তবে আলপি হ্যাটট্রিক করলেও মাঠজুড়ে রাজত্ব করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ঋতুপর্ণার জোড়া গোলের পাশাপাশি প্রীতি ও মুনকি একটি করে গোল করেন, অন্যটি ছিল আত্মঘাতী। এই জয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী।
দিনের প্রথম ম্যাচটি ছিল গোলবন্যার। গত আসরের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৮-০ গোলের বিশাল জয়ে একাই ৯ গোল করে লাইমলাইটে চলে এসেছেন সুলতানা। এ ছাড়া বৃষ্টি করেছেন হ্যাটট্রিক। উন্নতি ও তনিমা জোড়া এবং হালিমা একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। ৯ ম্যাচে সেনাবাহিনীর পয়েন্ট এখন ২৪।
লিগের শেষ রাউন্ড এখন রীতিমতো স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে। ১৩ ফেব্রুয়ারি নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী স্টারস ও বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী ড্র করলেই ২৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হবে তাদের। আর যদি রাজশাহীকে সেনাবাহিনী হারিয়ে দেয় তবে দুই দলের পয়েন্ট হবে সমান ২৭। সে ক্ষেত্রে শিরোপা নির্ধারণে হবে প্লে-অফ ম্যাচ। এদিকে ফরাশগঞ্জ যদি তাদের বাকি দুই ম্যাচ জেতে তবে তাদের পয়েন্টও হবে ২৭।
সে ক্ষেত্রে তিন দলের মধ্যে পুনরায় শিরোপার লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তবে আপাতত সব আলো কেড়ে নিয়েছেন রাজশাহীর মেয়েরা। ড্র করলেই মিলবে চ্যাম্পিয়নের তকমা এই লক্ষ্য নিয়েই ১৩ ফেব্রুয়ারি মাঠে নামবেন ঋতুপর্ণারা।
সময়ের আলো/কেএইচও