বয়স কেবলই একটা সংখ্যা-নোভাক জোকোভিচের ক্ষেত্রে এই প্রবাদটি যেন বারবার সত্যি হয়ে ধরা দিচ্ছে। ৩৮ বছর বয়সে ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও অবসরের কথা ভাবছেন না এই সার্বিয়ান কিংবদন্তি। বরং নিজের চোখকে স্থির করেছেন ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে। ৪১ বছর বয়সেও অলিম্পিকের আঙিনায় নিজের স্বর্ণপদক ধরে রাখার ঘোষণা দিয়ে টেনিস বিশ্বকে চমকে দিয়েছেন ২৪ বারের গ্র্যান্ড স্লযাম জয়ী এই মহাতারকা।
২০২৪ প্যারিস অলিম্পিকের ফাইনালে তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে হারিয়ে অধরা স্বর্ণপদক জয় করেছিলেন জোকোভিচ। টেনিসের সব বড় শিরোপা জেতার পর অনেকেই ভেবেছিলেন সম্ভবত এখানেই ইতি টানবেন তিনি। কিন্তু লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের কথা উল্লেখ করে জোকোভিচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের হয়ে আরও একবার প্রতিনিধিত্ব করতে চান তিনি। ২০২৮ সালের ১৪ জুলাই যখন অলিম্পিক শুরু হবে, তখন তার বয়স হবে ৪১। তবু লড়াকু মানসিকতার এই তারকা নিজের মুকুট ধরে রাখতে আত্মবিশ্বাসী।
জোকোভিচ বলেন, ‘গত এক বা দেড় বছর ধরেই বলে আসছি সামনে কী থাকবে, তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি বলেছি, ২০২৮ অলিম্পিক পর্যন্ত খেলতে চাই। কিন্তু তার মানে হতে পারে বছরে একটি টুর্নামেন্ট খেলা বা ১০টা, ১৫টা, দুইটা কিংবা সাতটা, সত্যি বলতে আমি জানি না। আমি এত আগেভাগে আমার সূচি বা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এখন আমার একমাত্র ইচ্ছা হলো পরিবারের সঙ্গে সময় কাটানো, তারপর দেখা যাবে সামনে কী আসে।’
সাম্প্রতিক সময়ে ফিটনেসজনিত কিছু সমস্যা জোকোভিচকে ভোগালেও কোর্টে তার ধার কমেনি। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ান ওপেনই তার বড় প্রমাণ। সেখানে সেমিফাইনালে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও ফাইনালে আলকারাজের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হিসেবে সন্তুষ্ট থাকতে হয় তাকে, তবে পুরো টুর্নামেন্টে জোকোভিচ বুঝিয়ে দিয়েছেন বড় আসরে এখনও তিনি কতটা ভয়ংকর।
৪১ বছর বয়সে অলিম্পিকের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়াটা শারীরিক দিক থেকে এক বড় চ্যালেঞ্জ। তবে জোকোভিচ বরাবরই অসম্ভবকে সম্ভব করতে পছন্দ করেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গেলেও টেনিসের প্রতি তার যে খিদে, তা তাকে আরও কয়েক বছর কোর্টে রাখতে সাহায্য করবে বলেই ভক্তদের বিশ্বাস।
সময়ের আলো/কেএইচও