আগামী ২০ ফেব্রুয়ারির পরিবর্তে ঈদুল ফিতরের পরে অমর একুশে বইমেলা আয়োজনের দাবি জানিয়েছেন দেশের ৩২১ জন সৃজনশীল প্রকাশক।
রোববার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাংলা একাডেমির সিদ্ধান্তকে ‘বাস্তবতাবিবর্জিত’ আখ্যা দিয়ে তারা এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নির্বাচনের পরপরই রোজা শুরু হয়ে যাওয়ায় যানজটের মধ্যে পাঠকরা মেলায় আসবেন না। মেলা মানেই যেখানে উৎসবের আমেজ, সেখানে পাঠকশূন্য মেলা আয়োজনের কোনো মানে হয় না। এতে প্রকাশনা শিল্প এক চরম অনিশ্চয়তার মুখে পড়বে।
এতে আরও জানানো হয়েছে, মেলার স্টলগুলোতে সাধারণত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করেন। সারাদিন রোজা রেখে দীর্ঘ সময় তাদের দিয়ে কাজ করানো অমানবিক। এছাড়া গত দেড় বছরের ব্যবসায়িক মন্দার কারণে প্রকাশকরা এখন বড় ধরনের আর্থিক ঝুঁকিতে আছেন।
এমন পরিস্থিতিতে লোকসানের ভয় মাথায় নিয়ে মেলায় অংশ নেওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিদাতা প্রকাশকগণ ঈদের পরে বইমেলা আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন।
সময়ের আলো/কেএইচও