আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণকারী সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ দলকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।
রোববার (৮ ফেব্রুয়ারি)বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশবাসীর উদ্দেশে এই আহ্বান জানানো হয়।
ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালাম বলেন, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে মত প্রকাশ করবে। একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে অভিজ্ঞ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাসম্পন্ন নেতৃত্ব প্রয়োজন।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে জনগণের ইচ্ছা উপেক্ষা করে কোনো শাসন টেকসই নয়। রাষ্ট্র পরিচালনায় ফ্যাসিবাদ, ক্ষমতার কেন্দ্রীকরণ, মতপ্রকাশের স্বাধীনতা হরণ ও প্রশ্নবিদ্ধ নির্বাচনব্যবস্থার বিরোধিতা করেন তিনি এবং ধর্মভিত্তিক অসহিষ্ণু ও নারীবিরোধী রাজনীতির বিরুদ্ধেও অবস্থান স্পষ্ট করেন। একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনার সমন্বয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার কথা বলেন তিনি। পাশাপাশি ন্যায়ভিত্তিক উন্নয়ন, টেকসই অর্থনীতি, কর্মসংস্থান ও নারীর মর্যাদা নিশ্চিতের ওপর জোর দিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে জাতীয় স্বার্থনির্ভর নেতৃত্বের আহ্বান জানান।
অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, বিএনপির ৩১ দফা ও তারেক রহমানের ‘I Have a Plan’ রোডম্যাপ রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র ও অর্থনৈতিক স্বচ্ছতার একটি সুসংগঠিত দিকনির্দেশনা দিয়েছে। তার মতে, জাতীয় ঐক্য পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র, ধর্মীয় সম্প্রীতি, নারী ও তরুণদের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে বিএনপির নির্বাচনি ইশতেহার একটি বাস্তবসম্মত রূপরেখা।
তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও বিদেশি প্রভাবমুক্ত আত্মমর্যাদাশীল রাষ্ট্র গঠনে জনগণনির্ভর নেতৃত্ব প্রয়োজন। একাত্তর ও চব্বিশের চেতনায় গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সচেতন সিদ্ধান্তের আহ্বান জানান তিনি।
ঢাবি সাদা দলের সদস্য সচিব অধ্যাপক ড. মহিউদ্দিন এর পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবুল কালাম সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আল আমিন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড. আবদুর রশিদ, সমাজ বিজ্ঞান অনুষদের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. স ম আলী রেজা, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এমএ কাউছার, বাণিজ্য অনুষদের অধ্যাপক নাজমুল হাসান, অধ্যাপক ড. আসলাম হোসেন, অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, অধ্যাপক ড. আবদুল করিম, অধ্যাপক ড. মো. নূরুল আমিন।
সময়ের আলো/এসকে/