বিদায়ের আগ মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৩৫ হাজার ৮১৭ জন মানুষ। টুকরো কাগজে নিজেদের অনুভূতি লিখে প্রকাশ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের এসব মানুষ। চিরকুটেও প্রশংসাবাক্য যেমন রয়েছে, তেমনি আছে কঠোর সমালোচনাও।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা এসব তথ্য জানান।
তিনি জানান, এসব চিরকুটে কেউ লিখেছেন ব্যক্তিগত দুঃখ, কেউ চেয়েছেন হয়রানিমুক্ত পাবলিক সার্ভিস, রাষ্ট্রযন্ত্রের সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার। অনেকে আবার আক্রমণ-আক্রোশের ভাষাও ব্যবহার করেছেন। অনেকে করেছেন সরকারের সমালোচনাও।
‘দেশের চাবি, আপনার হাতে’— এ স্লোগানকে সামনে রেখে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণা চালানো হয় ভোটের গাড়ি কর্মসূচির মাধ্যমে। যেখানে প্রধান উপদেষ্টাকে ‘মনের কথা’ লিখে জানাতে স্থাপন করা হয় ‘জনমত বাক্স’। সেই বাক্সে ৩৫ হাজার ৮১৭ জন মানুষ তাদের ‘মনের কথা’ লিখেছে।
চিরকুটের মধ্যে ঢাকা বিভাগ থেকে ১০ হাজার ২১৬টি, চট্টগ্রাম থেকে ছয় হাজার ছয়টি, রাজশাহী থেকে পাঁচ হাজার ৭৩৮টি, বরিশাল থেকে দুই হাজার ১২৪টি, খুলনা থেকে চার হাজার ৬৭৮টি, রংপুর তিন হাজার ৬০৫টি, ময়মনসিংহ থেকে এক হাজার ৭৯৯টি এবং সিলেট থেকে এসেছে এক হাজার ৬৫১টি।
ভোটের গাড়ি সারাদেশের ইউনিয়ন, উপজেলা ও জেলা সদরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলগুলোর প্রায় দুই ১৬৯টি স্পটে গিয়ে প্রচারণা কার্যক্রম চালিয়েছে।
ভোটের বাক্সে পাওয়া চিরকুটে গাজীপুর থেকে রাফা নামের একজন লিখেছেন, ‘আমি এ দেশের মাটি ও বাতাসে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ পাবো— ভবিষ্যতে এমন বাংলাদেশে দেখতে চাই। এরকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতি-নির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন।
দেওয়ান সালাহউদ্দিন একজন চিরকুটে লিখেছেন, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। মানুষ চায় সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে যেতে। কেন্দ্রে দাঙ্গা-হাঙ্গামা করা যাবে না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। প্রধান উপদেষ্টা ভালো ভোট আয়োজন করবেন। শুভেচ্ছান্তে দেওয়ান সালাহউদ্দিন।
চট্টগ্রাম থেকে গোলাম রাব্বানি লিখেছেন, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমাকে ভোট দেওয়ার জন্য কোম্পানির মালিককে সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ জানাচ্ছি।
ঠাকুরগাঁও থেকে একজন লিখেছেন, গরিব মানুষ আমি, দিনমজুরি করে খাই। গরুর মাংস আমরা কিনে খেতে পারি না। বাজার নিয়ন্ত্রণ চাই, সিন্ডিকেট চলছে বাজারে। গরিব মানুষ কিনে খেতে পারছে না।
বরিশাল থেকে সাদিক লিখেছেন, যে দেশে শিক্ষকদের মান উন্নয়ন নিয়ে কেউ ভাবে না, সে দেশে সুন্দর ও আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব না।
সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানিয়েছেন, কোনো রকম অস্বস্তি বা সংকোচ ছাড়াই সাবলীল ও আবেগাপ্লুত মন্তব্যগুলো পড়ে উচ্ছ্বসিত হন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, জনগণের এমন অকৃত্রিম ভালোবাসা অমূল্য সম্পদ। তাই কোনো ধরনের কাটা-ছেঁড়া ছাড়াই সব চিরকুট সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
সময়ের আলো/আআ