গণতন্ত্রের হৃদস্পন্দন হলো জনমত, আর সেই স্পন্দনের প্রতিফলন ঘটে ভোটের ফলাফলে। বাংলাদেশের প্রেক্ষাপটে ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচন শুধু একটি রুটিনমাফিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের চূড়ান্ত পরীক্ষা। গণভোটের ক্ষেত্রে ফলাফল দেওয়া আরও সহজ- হয় ‘হ্যাঁ’ অথবা ‘না’।
যখন মানুষ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল পেতে অভ্যস্ত, তখন বিলম্ব মানেই সন্দেহের বিষবৃক্ষ রোপণ করা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে টাইম ভ্যালু ডেমোক্র্যাসি বলে একটি তত্ত্ব আছে, যেখানে বলা হয় জনরায়ের প্রতিফলন যত দ্রুত হবে, সরকারের বৈধতা তত সুসংহত হবে। ফলাফল ঘোষণায় অহেতুক বিলম্ব কেবল একটি প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং এটি জাতীয় সংকটের অনুঘটক হতে পারে।
মনোবিজ্ঞানের ‘ফ্রাস্ট্রেশন-অ্যাগ্রেশন থিওরি’ অনুযায়ী, যখন মানুষের কোনো কাক্সিক্ষত প্রাপ্তিতে বিলম্ব ঘটে, তখন সেটি তীব্র ক্রোধে রূপান্তরিত হয়। ভোট দেওয়ার পর ফলাফল জানার আকুলতা একটি তীব্র ডোপামিন-নির্ভর প্রক্রিয়া। গবেষণায় দেখা গেছে, দীর্ঘ অপেক্ষার ফলে মস্তিষ্কের ‘অ্যামিগডালা’ অংশটি অতিসক্রিয় হয়ে ওঠে, যা মানুষকে যৌক্তিক চিন্তার বাইরে গিয়ে সহিংস হতে প্ররোচিত
করে। বাংলাদেশের মানুষ নির্বাচনকে একটি উৎসব মনে করে, উৎসবের শেষটা বিষাদময় বা রহস্যময় হলে তা গণহতাশার জন্ম দেয়।
বিলম্বিত ফলাফল নির্বাচন কমিশনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলে। মনোবিজ্ঞানের ভাষায় একে ‘কগনিটিভ ডিসোনেন্স’ বলা যেতে পারে, যেখানে জনগণের প্রত্যাশার
সঙ্গে বাস্তবতার অমিল ঘটলে তারা প্রতিষ্ঠানের ওপর আস্থা হারিয়ে ফেলে।
বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনের ফলাফল যত দ্রুত আসে, পরাজয় মেনে নেওয়ার মানসিকতা ততবেশি থাকে। বিলম্ব মানেই জনমনে গভীর ষড়যন্ত্রের সন্দেহ
জেগে ওঠে।
ফলাফল প্রকাশে বিলম্ব হলে শূন্যস্থানে দ্রুত জায়গা করে নেয় গুজব। বর্তমানে বাংলাদেশে কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী। তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের শূন্যতা বিপজ্জনক। ডার্ক ওয়েব বা ভেরিফায়েড পেজের ক্লোন তৈরি করে কুচক্রী মহল ভুয়া ফলাফলের ‘কার্ড’ ছড়াতে পারে। এটি সাইবার ক্রাইমের একটি নতুন মাত্রা যোগ করবে, যেখানে এআই বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে নির্বাচন কর্মকর্তাদের কণ্ঠ নকল করে বিভ্রান্তি ছড়ানো সম্ভব।
ভোট গণনা চলা সময়ে কয়েক কোটি মানুষ একযোগে ইন্টারনেট ব্যবহার করার কারণে ইন্টারনেটের ধীরগতি হওয়াটাই স্বাভাবিক। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে জনগণ মনে করে, যখনই ইন্টারনেট ধীরগতি হয় বা বন্ধ করে দেওয়া হয়, তখনই কোনো না কোনো ‘অনৈতিক হস্তক্ষেপ’ ঘটছে। ইন্টারনেট সংযোগ ধীরগতি হওয়া মানে গণনা চলাকালীন দেশের সঙ্গে বহির্বিশ্বের এবং প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ কমে যাওয়া বা বিচ্ছিন্ন হওয়া। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত করলে তা কেবল সন্দেহই বাড়ায় না, বরং রাষ্ট্রীয় সংস্থাগুলোর ওপর জনগণের অনাস্থা তুঙ্গে নিয়ে যায়।
রাজনীতিতে ক্ষমতার লড়াই সবসময়ই স্পর্শকাতর। ফলাফল ঘোষণায় এক ঘণ্টার বিলম্ব মানে রাজপথে হাজার হাজার কর্মীর উত্তেজনা বৃদ্ধি। ‘পলিটিক্যাল পোলারাইজেশন’ বা রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশে তীব্র। বিলম্বে ফলাফল দিলে বিজয়ী পক্ষ ভাববে ফলাফল ছিনতাই হচ্ছে, আর বিজিত পক্ষ ভাববে ফলাফল কারচুপি করে সাজানো হচ্ছে। এর ফলে ছড়িয়ে পড়া সংঘাত গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।
ফলাফল ঘোষণায় বিলম্ব হলে স্থানীয় পর্যায়ে জয়-পরাজয় নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এটিকে ‘মব সাইকোলজি’ দিয়ে ব্যাখ্যা করা যায়। কোনো নির্দিষ্ট তথ্য না থাকলে জনতা আবেগতাড়িত হয়ে বিচার-বুদ্ধি হারিয়ে ফেলে এবং সহিংসতায় লিপ্ত হয়। ছোট ছোট সংঘর্ষ দ্রুত জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, যা সামাল দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ে।
জাতীয় নিরাপত্তা কেবল সীমান্ত রক্ষা নয়, বরং অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও নির্ভর করে। ফলাফলের বিলম্বের সুযোগে অগণতান্ত্রিক শক্তির উত্থান ঘটার সম্ভাবনা থাকে। রাষ্ট্রের ভেতর যখন একটি ‘পাওয়ার ভ্যাকুয়াম’ বা ক্ষমতার শূন্যতা তৈরি হয়, তখন পর্দার অন্তরালের কুশীলবরা বা তৃতীয় কোনো শক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করতে পারে। এটি জাতীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি।
অর্থনীতি স্থিরতা পছন্দ করে। নির্বাচনের দিনগুলোতে সাধারণভাবেই ব্যবসা-বাণিজ্য সীমিত থাকে। কিন্তু ফলাফল অনিশ্চিত হয়ে পড়লে বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ‘গেম থিওরি’ অনুযায়ী, অনিশ্চয়তার মুখে বিনিয়োগকারীরা তাদের সম্পদ প্রত্যাহার করতে শুরু করেন। এর সরাসরি প্রভাব পড়ে শেয়ারবাজারে। ইনডেক্স দ্রুত পড়ে যাওয়ায় কয়েক হাজার কোটি টাকা হারিয়ে যেতে পারে, যা সাধারণ বিনিয়োগকারীদের পথে বসিয়ে দেবে।
বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক সাপ্লাই চেইন এবং ভূ-রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশগুলো এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ফলাফল প্রদানে অস্বাভাবিক বিলম্ব হলে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলো নেতিবাচক রিপোর্ট দেবে। এর ফলে জিএসপি সুবিধা বা বিদেশি বিনিয়োগের ওপর খড়গ নেমে আসতে পারে। একটি দেশের গণতান্ত্রিক পরিপক্বতা তার নির্বাচন পরিচালনার সক্ষমতা দিয়ে পরিমাপ করা হয়।
যখনই দেশে অস্থিরতা শুরু হয়, অসাধু সিন্ডিকেট বাজারে সক্রিয় হয়ে ওঠে। পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার অজুহাতে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হতে পারে। প্রশাসনিক কর্মকর্তাদের মনোযোগ যখন আইনশৃঙ্খলা রক্ষায় নিবদ্ধ থাকে, তখন সাধারণ নাগরিক সেবা ও উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়ে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম ভোগান্তিতে পড়ে।
বিলম্বিত ফলাফলের ফলে সৃষ্ট অস্থিতিশীলতায় শিল্প উৎপাদন ব্যাহত হয়। তৈরি পোশাক শিল্প যা আমাদের অর্থনীতির মেরুদণ্ড, তা শিপমেন্ট বিলম্বে পড়ার কারণে ব্যাপক জরিমানার সম্মুখীন হতে পারে। বিদেশি ক্রেতারা দীর্ঘমেয়াদি অস্থিরতা দেখলে অর্ডার বাতিল করে অন্য দেশে সরিয়ে নেয়। এটি দেশের রিজার্ভে সরাসরি আঘাত হানে।
২০২৪-এর গণঅভ্যুত্থান-পরবর্তী এই নির্বাচনটি একটি সংস্কারের অংশ। যদি এবারের নির্বাচনও ফলাফল বিলম্বের কারণে প্রশ্নবিদ্ধ হয়, তবে সাধারণ মানুষের ‘ভোট’ ও ‘গণতন্ত্র’র ওপর থেকে চিরস্থায়ীভাবে আস্থা উঠে যাবে। এটি তরুণ প্রজন্মের মধ্যে রাজনীতি বিমুখতা তৈরি করবে, যা দীর্ঘমেয়াদে একটি মেধা ও নেতৃত্বহীন জাতির জন্ম দেবে।
নির্বাচন পরিচালনার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়। যদি ফলাফল বিলম্বের কারণে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং পরবর্তীতে পুনরায় নির্বাচনের দাবি ওঠে, তবে তা রাষ্ট্রীয় কোষাগারের ওপর বিশাল বোঝা হয়ে দাঁড়াবে। অর্থনৈতিকভাবে সংকটে থাকা একটি দেশের জন্য এই ‘ডাবল কস্ট’ হবে আত্মঘাতী।
আধুনিক প্রযুক্তিতে ‘ম্যান ইন দ্য মিডল অ্যাটাক’ এর মতো বৈজ্ঞানিক ঝুঁকি থাকে। সার্ভার থেকে ফলাফল লোকাল রিটার্নিং অফিসার পর্যন্ত পৌঁছাতে দেরি হলে জনগণ মনে করবে ব্যাক-এন্ডে ডাটা ম্যানিপুলেট করা হচ্ছে। এটি আইসিটি বিভাগের সক্ষমতাকেও বড় ধরনের প্রশ্নের মুখে ফেলবে।
মানুষ কতক্ষণ ধৈর্য ধরবে? যখন তারা দেখে তাদের রায় নিয়ে বিলম্ব হচ্ছে, তখন তারা ‘রাজপথই শেষ ভরসা’ বলে মনে করে। সোশ্যাল মিডিয়ায় ট্রল থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে মানুষের আলোচনা- সবই একসময় বিস্ফোরণে রূপ নেয়। এই গণবিক্ষোভ সামলানো কোনো প্রশাসনিক শক্তির পক্ষে সম্ভব হয় না ।
বিগত কয়েক দশকের রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের মানুষের মনে গভীর ট্রমা তৈরি করেছে। যেকোনো বিলম্বকেই মানুষ গভীর ষড়যন্ত্র হিসেবে দেখে। একটি রাষ্ট্র তখনই সফল হয় যখন তার নাগরিকরা নিশ্চিন্তে ঘুমাতে পারে যে তাদের অধিকার সংরক্ষিত আছে।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভাগ্য নির্ধারণী। প্রযুক্তির এই উৎকর্ষের যুগে ‘ডিজিটাল বাংলাদেশ’ বা ‘স্মার্ট বাংলাদেশ’-এর দাবিদার হয়ে ফলাফল ঘোষণায় কয়েক ঘণ্টার বেশি বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। স্বচ্ছ ব্যালট বক্স এবং তাৎক্ষণিক ডিজিটাল রেজাল্ট ট্রান্সমিশন সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ করা অপরিহার্য। নির্বাচন কমিশনকে বুঝতে হবে যে, তাদের সামান্য বিলম্ব একটি জাতির শান্তি, প্রগতি এবং গণতন্ত্রের অস্তিত্বের প্রশ্ন। জনস্বার্থে স্বচ্ছতা নিশ্চিত করাই হোক এই নির্বাচনের মূল অঙ্গীকার।
লেখক : প্রাবন্ধিক
সময়ের আলো/কেএইচও