পঞ্চগড়ে দীর্ঘ ১৭ বছর পর রাজনৈতিক পালাবদল ঘটেছে। জেলার দুটি সংসদীয় আসনেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফলে আওয়ামী লীগের দীর্ঘদিনের দখলে থাকা আসন দুটি পুনরুদ্ধার করেছে দলটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান। ফল ঘোষণার পর পঞ্চগড় শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি নেতাকর্মীদের আনন্দ মিছিল দেখা যায়।
ঘোষিত ফল অনুযায়ী, পঞ্চগড়-১ সংসদীয় আসন আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির ১,৭৬,১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পান ১,৬৮,০৪৯ ভোট।
এ আসনে মোট ৩,৫৮,৮৮১ ভোটের মধ্যে বৈধ ভোট ৩,১৯,১৭০ এবং বাতিল ৩৯,৭১১টি। গণভোটে ‘হ্যাঁ’ পড়ে ২,১৯,৫৭৬ এবং ‘না’ ৯৯,৫৯৪ ভোট।
অন্যদিকে, পঞ্চগড়-২ সংসদীয় আসন আসনে বিএনপির ফরহাদ হোসেন আজাদ ১,৭৪,৬৫০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী সফিউল আলম পান ১,২৮,৮৬২ ভোট। এখানে মোট ভোট পড়ে ৩,২২,৩০৭টি; বৈধ ২,৯২,৯৬৩ এবং বাতিল ২৯,৩৪৪টি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট ১,৬৩,৮৭৫ এবং ‘না’ ১,২৯,০৮৮।
এই জয়কে স্থানীয় বিএনপি নেতারা গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে দেখছেন। নবনির্বাচিত দুই সংসদ সদস্য পঞ্চগড়বাসীকে ধন্যবাদ জানিয়ে উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার করেছেন। ফল ঘোষণার পর জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সময়ের আলো/আরবিএন