প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম আপডেট: ২০.১০.২০২৬ ৫:৪৪ পিএম
প্রতীকী ছবি ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের সমর্থকদের অন্তত ২০টি বসতঘর ও ৫টি দোকানে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত কাশিপুর গ্রামের দুটি গ্রুপ থেমে থেমে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের মামলায় ওই গ্রামের রেজাউল ইসলাম নামের এক প্রভাবশালী ব্যক্তি ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। গত স্থানীয় নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ঘরে ফিরতে শুরু করে। এতে মখলেছ হোসেনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে রেজাউল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। উভয়ের সমর্থকরা পূর্ববিরোধের জেরে সোমবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষের লোকজন থেমে থেমে মারামারিতে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, দুপুরের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ বা মারামারির ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন