ছাত্রলীগের ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীতচট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়।
ভিডিওর ক্যাপশনে আরিফুল হাসান রুবেল লেখেন, ‘আলহামদুলিল্লাহ, ৫ই আগস্ট পরবর্তী বোয়ালখালীর মাটিতে প্রথম মিছিল করলাম। শেখ হাসিনার আগমন শুভেচ্ছা ও স্বাগতম।’
ভিডিওতে দেখা যায়, মিছিল শুরুর আগে বক্তব্য দেন আরিফুল হাসান রুবেল। এ সময় তিনি বলেন, ‘আজকে শেখ হাসিনার জন্য বাংলাদেশ নয়, বাংলাদেশের জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা শেখ হাসিনাকে আবার আনব, আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করব। আমাদের অযথা হয়রানি করবেন না। এই সরকার বাংলাদেশের শেষ সরকার নয়।’
বক্তব্যে তিনি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ হত্যার অভিযোগের বিচার দাবি করার কথাও উল্লেখ করেন। ভবিষ্যতেও তারা এ বিচার চাইবেন বলে জানান।
ভিডিওতে প্রায় ৪৪ সেকেন্ড বক্তব্যের পর অংশগ্রহণকারীদের মিছিল করতে দেখা যায়। এ সময় তারা ‘হাসিনা, তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘চলছে লড়াই, চলবে’, ‘শেখ হাসিনার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ও ‘জয় বাংলা’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
মিছিলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুরের ছবিসংবলিত একটি ব্যানার দেখা যায়। ভিডিও ও স্থানীয় সূত্রের দাবি, মিছিলে প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ভিডিওতে প্রকাশের তারিখ হিসেবে ২০ অক্টোবর ২০২৬ উল্লেখ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, আরিফুল হাসান রুবেলের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের শাকপুরা এলাকায় মিছিলটি বের করা হয়।
এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, শাকপুরা এলাকায় একটি মিছিল হয়েছে। যারা মিছিল করেছে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই চলছে। অভিযান অব্যাহত আছে।
সময়ের আলো/জোই