১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সারা দেশে গড়ে ৫৯.৪৪ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়। তবে গণভোটের বিস্তারিত ফলাফল এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
এই নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড়। দীর্ঘদিনের রাজনৈতিক স্থবিরতা, ক্ষমতার একপক্ষীয় অভিসরণ এবং প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে জনগণ তাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। ভোটের মাধ্যমে ভোটাররা স্পষ্ট বার্তা দিয়েছে- পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
ভোটার ও প্রার্থীর বিশদ তথ্য
এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮৩ জন, যাদের মধ্যে ৬৩ জন দলীয় ও ২০ জন স্বতন্ত্র। মোট প্রার্থীর মধ্যে ১,৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র। ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ এবং হিজড়া ভোটার ১,২২০।
সর্বনিম্ন ভোটার সংখ্যা ছিল ঝালকাঠি-১ আসনে-২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। সর্বোচ্চ ভোটার সংখ্যা গাজীপুর-২ আসনে- ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। ডাকপত্রের মাধ্যমে ভোট পড়েছে ৮০.১১ শতাংশ, যার মধ্যে বৈধ ভোটের হার ৭০.২৫ শতাংশ। শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছিল।
ভৌগোলিকভাবে দেখা যায়, শহর ও পার্শর্^নগর এলাকায় ভোটারদের অংশগ্রহণ বেশি, যা অর্থনৈতিক ও সামাজিক সচেতনতার সঙ্গে জড়িত। গ্রামের অঞ্চলগুলোতে অংশগ্রহণ অপেক্ষাকৃত কম হলেও, জেলাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে পরিবর্তনের ধারা দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।
নেতৃত্বের গুরুত্বপূর্ণ ভূমিকা : কান্ডারি তারেক রহমান
বিএনপির বিজয়ের পেছনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কাণ্ডারি তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফেরা এবং নির্বাচনি রাজনীতিতে সক্রিয় নেতৃত্ব প্রদর্শন- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা।
নির্বাচনি প্রচারে তার নেতৃত্ব, দলীয় ঐক্য ও সাংগঠনিক পুনর্গঠন বিএনপিকে নতুন করে প্রাণবন্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমান কেবল নির্বাচনি জয় নিশ্চিত করেননি, বরং দলকে দীর্ঘদিন পর একটি সুস্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ দিয়েছেন।
এই রোডম্যাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে- গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং সুশাসন প্রতিষ্ঠা।
তার নেতৃত্ব বিএনপির ভেতরে নতুন উদ্দীপনা এনেছে, প্রজন্মান্তরের নেতাদের দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত করেছে এবং ভোটারদের মনে পরিবর্তনের আশার সঞ্চার করেছে। বিশেষ করে যুবসমাজ এবং নারীদের মধ্যে নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ লক্ষ করা গেছে।
নির্বাচনি ফলাফল ও রাজনৈতিক প্রভাব
নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলের ভিত্তিতে দেখা গেছে, বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২ আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের শরিক দল নির্বাচনে ৭৭ আসনে জয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবেন। স্বতন্ত্র প্রার্থীরা ৭ আসনে জয়ী হয়েছেন।
এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, দীর্ঘদিনের জনঅসন্তোষ, প্রশাসনিক ব্যর্থতা এবং পরিবর্তনের আকাক্সক্ষা ভোটের মাধ্যমে প্রকাশ পেয়েছে। বাম ও প্রগতিশীল দলগুলো তুলনামূলকভাবে কম আসনে বিজয়ী হলেও কিছু আসনে অংশগ্রহণ করেছে, যা রাজনৈতিক বহুত্বের সংকেত বহন করে।
ভোটের বিশ্লেষণ : সচেতনতা ও পরিবর্তনের সংকেত : নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো ভোটারদের সচেতন অংশগ্রহণ এবং ‘না’ ভোটের প্রভাব। কয়েকটি আসনে ‘না’ ভোটের সংখ্যা উল্লেখযোগ্য ছিল, যা ভোটারদের রাজনৈতিক প্রতিরোধ ও পরিবর্তনের আকাক্সক্ষার প্রকাশ। স্বতন্ত্র প্রার্থীদের জয়ও একই ধারা নির্দেশ করে, যেখানে ভোটাররা দল নয়, নীতি ও কার্যকারিতার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন।
নির্বাচন স্পষ্ট করেছে, জনগণ তাদের ভোটাধিকার এখন সচেতনভাবে প্রয়োগ করছে। এটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার পাশাপাশি নতুন সরকারের জন্য দায়িত্ব ও প্রত্যাশা বৃদ্ধি করেছে।
নারী ভোটার ও যুবসমাজের প্রভাব : এবারের নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। শহরাঞ্চল ও শিক্ষিত অঞ্চলে নারী ভোটারদের সক্রিয়তা নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলেছে। যুবসমাজও উচ্চমাত্রায় রাজনৈতিক সচেতনতা দেখিয়েছে এবং সামাজিক মাধ্যম ও স্থানীয় সংগঠনের মাধ্যমে প্রার্থীদের সমর্থন ও প্রচার চালিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ আগামী সময়ে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়া : বিএনপির বিজয় আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, দীর্ঘ সময় পর বাংলাদেশের রাজনীতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে, যা দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক প্রবণতাকেও প্রভাব ফেলতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স বিজয়কে ‘ভূমিধস জয়’ হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছেন, নতুন সরকারের নীতি অর্থনীতি, বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যে তাৎপর্যপূর্ণ পরিবর্তন আনতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা এবং ভোটারদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়েছে। কঠোর রাজনৈতিক পরিস্থিতিতেও জনগণের ভোটাধিকার প্রয়োগ গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক হিসেবে ধরা হয়েছে।
কাতারভিত্তিক আলজাজিরা বিশ্লেষণে বলেছে, এই নির্বাচন বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে মৌলিক পরিবর্তন আনবে এবং সরকারের নীতিনির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি সূচনা করবে।
ব্রিটিশ দৈনিক দি গার্ডিয়ান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে বাংলাদেশের অবস্থান নতুনভাবে মূল্যায়নের কথা উল্লেখ করেছে এবং জানিয়েছে, নতুন সরকার আঞ্চলিক শক্তি সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব : রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের ফলাফল প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলবে। নতুন নেতৃত্বের সঙ্গে সহযোগিতা ও কৌশলগত সংযোগ স্থাপনের জন্য প্রতিবেশী দেশগুলো ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে।
বাণিজ্য, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে নতুন সরকারের নীতিগত পুনর্বিন্যাসের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, বিএনপির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সব রাজনৈতিক শক্তিকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গড়ে তোলা।
অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা : নতুন সরকারকে এখন দেশের অর্থনীতি পুনর্গঠনের দিকে মনোযোগ দিতে হবে। বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং সামাজিক সেবা সম্প্রসারণ- সব ক্ষেত্রেই সুসংগঠিত নীতি প্রণয়নের প্রয়োজন। বিশেষ করে করোনাকালের পর ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি ও রফতানি খাতের পুনরুজ্জীবন জরুরি।
সরকারের সম্ভাব্য কর্মসূচি : প্রথম ছয় মাস :
১. প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করা।
২. জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিক সুবিধার অনলাইনিকরণ।
৩. প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচি ঘোষণা।
৪. জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বিরোধী দল ও স্বতন্ত্রদের সঙ্গে সংলাপ।
৫. বিদেশি বিনিয়োগ ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি।
পরিশেষে বলতে চাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি জনগণের পরিবর্তনের আকাক্সক্ষার প্রকাশ এবং নতুন সরকারের জন্য একটি বড় দায়িত্ব।
এই বিজয় কতটা টেকসই হবে, তা নির্ভর করছে গণতান্ত্রিক চর্চা, সুশাসন, জাতীয় ঐক্য এবং নতুন নেতৃত্বের বাস্তব নীতিনির্ধারণের ওপর।
ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার মুখোমুখি। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারলেই এই ঐতিহাসিক জয় সত্যিকার অর্থে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার মাইলফলক হয়ে উঠবে।
লেখক : গবেষক
এএডি/