বিএনপি জুলাই সনদের প্রত্যেকটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন–পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করে বিএনপি। এতে উপস্থিত হয়ে বক্তব্যকালে তারেক রহমান এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবার দেশ গড়ার পালা। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের শান্ত ও সংযত থাকার আহবান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করব। দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না।
তিনি বলেন, ভোটের বিরোধ যাতে প্রতিহিংসায় রূপ না নেয়। বাংলাদেশকে নিরাপদ মানবিক দেশ গড়তে সব দলের সহযোগিতা কামনা করছি। বিশ্বের সব গণতান্ত্রিক দেশকে ধন্যবাদ জানাই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর প্রথমবার সংবাদ সম্মেলন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতে উপস্থিত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যানতারেক রহমান।
এর আগে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে নির্বাচনের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, নতুন সরকার গঠনের প্রস্তুতি, জোটের রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ হয়। গতকাল ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ইসি।