নির্বাচনের উত্তাপ কাটতে না কাটতেই দেশের রাজনীতিতে দেখা যাচ্ছে নতুন এক বার্তা- সংলাপ ও সৌজন্যের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় এসেছে সেই সম্ভাবনাই।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম তারেক রহমানকে ধন্যবাদ জানান।
তিনি জানান, নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তারেক রহমান যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে।
আরও পড়ুন
সারজিস আলম তার পোস্টে লেখেন, পুরোনো প্রতিহিংসাপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক উত্তরণের জন্য এখন প্রয়োজন পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির পরিবেশ। তার ভাষায়, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সৌজন্যমূলক যোগাযোগ নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে পারে।
তিনি মনে করেন, তারেক রহমান এই উদ্যোগ নিয়ে একটি ইতিবাচক বার্তা দিয়েছেন এবং সে জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সারজিস আলম। ওই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে তিনি পরাজিত হন। তবে নির্বাচনী প্রতিযোগিতা সত্ত্বেও জাতীয় স্বার্থে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন।
এএডি/