নোয়াখালীর হাতিয়ায় ধানের শীষের এক সমর্থকের মার্কেটে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। আগুনে পুড়ে গেছে ৭টি দোকান, একটি মাইক্রোবাস ও দুটি সিএনজিসহ প্রায় কোটি টাকার সম্পদ।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে হাতিয়া উপজেলার মুলা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
সবকটি দোকানের মালিক চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সমর্থক ৩ নম্বর ওয়ার্ডের কালাম সর্দার।
সংবাদ পেয়ে ভোরেই ঘটনাস্থল পরিদর্শন করেন নোয়াখালী-৬ হাতিয়া ধানের শীষের পরাজিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি এই ঘটনার জন্য এনসিপির নেতাকর্মীদের দায়ী করেন।
স্থানীয়রা জানান, ভোরে কালাম সর্দারের মার্কেটে আগুন দেখে এগিয়ে আসে স্থানীয় লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ৭টি দোকানের মালামাল এবং পাশের গ্যারেজে থাকা দুটি সিএনজি ও একটি মাইক্রোবাস।
দোকানের মালিক কালাম সর্দার বলেন, তিনি ধানের শীষের সমর্থনে নির্বাচন করেন। গত কয়েকদিন ধরে প্রতিপক্ষের লোকজন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। দোকানে আগুন দেওয়ারও হুমকি দেওয়া হয়। গভীর রাতে মোবাইলে লোকজন তাকে দোকানে আগুন দেওয়ার খবর দিলে এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।
বিএনপির পরাজিত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ধানের শীষের পক্ষে নির্বাচন করার কারণে প্রতিপক্ষের লোকজন এই কাজ করেছে। তিনি ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
হাতিয়া থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার শিকার ব্যক্তি থানায় এসেছেন। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আরবিএন