রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনসহ পাঁচ জনকে আটক করে পুলিশ। আটক হওয়া বাকি চার জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পরে তাদের ছেড়ে হয়।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।
তিনি জানান, ঘটনাস্থলে কিছু লোকজন তাদের ঘিরে ধরেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। পরে জিজ্ঞাসাবাদ শেষে কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে, দুপুরে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যাওয়ার ঘোষণা দেন। পোস্টে তিনি নিজেকে আওয়ামী লীগ আমলে ‘বঞ্চিত’ দাবি করে লেখেন, ‘ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’
সময়ের আলো/এনএ