অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের 'দেশের গর্বিত সন্তান' অভিহিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এখনো তারা দেশেই আছেন এবং নতুন সরকারের শপথ অনুষ্ঠানেও তারা অংশ নেবেন।
নির্বাচনের পরপরই উপদেষ্টাদের দেশ ছাড়ার আলোচনার মধ্যে রোববার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা বলেন প্রেস সচিব। অথচ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেন।
এদিকে, গতকাল শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রেক্ষিতে বিভিন্ন মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচারিত হচ্ছে।
উপদেষ্টাদের দেশ ছাড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন। তারা জয়েন করবেন এবং শপথের দিন তারা ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। যাওয়ার পরে যখন শপথ অনুষ্ঠিত হবে। আসার সময় ওই গাড়ি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দেবে, কিন্তু ওখানে আর ফ্ল্যাগ থাকবে না, এই। তারা সবাই দেশেই আছেন। তারা দেশের গর্বিত সন্তান। দেশের সামনের ফিউচারে দেশকে আরও এগিয়ে নিতে তারা তাদের সর্বোচ্চ এফোর্টস দেবেন।’
শপথ অনুষ্ঠান নিয়ে প্রেস সচিব বলেন, ‘১৭ তারিখে শপথ। ১০টার দিকে শপথ হবে এমপিদের। এটা জাতীয় সংসদে। ৪টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় কেবিনেট মানে ইনকামিং প্রাইম মিনিস্টার এবং উনার কেবিনেট শপথ গ্রহণ করবে।’
সময়ের আলো/এনএ