শেয়ারবাজারে আজও লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কয়েকদিন বন্ধ ছিল দেশের প্রধান দুই পুঁজিবাজারের লেনদেন। বন্ধের পর প্রথম কার্যদিবস গতকাল রোববার

2026-02-16T18:55:01+00:00
2026-02-16T18:55:01+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
শেয়ারবাজারে আজও লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫৫ পিএম 
প্রতীকী ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে কয়েকদিন বন্ধ ছিল দেশের প্রধান দুই পুঁজিবাজারের লেনদেন। বন্ধের পর প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের শেয়ারবাজারে বড় উত্থান হলেও, দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬ ফেব্রুয়ারি) দরপতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে যে কয়টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে তার চেয়ে প্রায় দ্বিগুণ সংখ্যকের দরপতন হয়ছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো সূচকও কমেছে। তবে, আজও এ বাজারে হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের একটি অংশের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বিক্রির চাপে এই দরপতন হয়েছে। ভোটের আগে দুদিন এবং ভোটের পরের প্রথম কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ছিল। টানা তিন কর্যদিবসের উত্থানে কিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম বেশ বেড়ে যায়। বিনিয়োগকারীদের একটি অংশ এই সুযোগে মুনাফা তুলে নিতে বিক্রির চাপ বাড়ায়। এ কারণে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। 

Advertisement
এর আগে, ভোটের পর প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ২০০ পয়েন্ট বেড়ে যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার কারণে বাজার মূলধন বাড়ে ১২ হাজার কোটি টাকার ওপরে। সেই সঙ্গে পাঁচ মাস পর হাজার কোটি টাকার বেশি লেনদেনের দেখা মেলে। 


এমন উত্থানের পর সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে, লেনদেনের শুরুতেই ডিএসইর প্রধান সূচক ৫০ পয়েন্ট বেড়ে যায়। তবে, লেনদেনের প্রথম আধাঘণ্টা পার হতেই বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নিতে বিক্রির চাপ বাড়ান। এতে অনেক প্রতিষ্ঠানের শেয়ার দাম কমে যায়। ফলে, বড় হয় দাম কমার তালিকা। 

বিক্রির চাপ থাকলেও এদিন বাজারে ক্রেতারাও বেশ সক্রিয় ছিলেন। ফলে, দাম কমার তালিকা বড় হলেও হাজার কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর ফলে, টানা দুই কার্যদিবস ডিএসইতে হাজার কোটি টাকার ওপরে লেনদেনের দেখা মিলেছে। 

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১৮টির। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। দাম বাড়ার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯টির শেয়ার ও ইউনিটের দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে। 

এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১১১টির দাম কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ২৬টি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৪৮টির দাম কমেছে এবং ৬টির দাম অপরিবর্তিত রয়েছে। 

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৯টির এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ১৩টি দাম বেড়েছে। বিপরীতে ১২টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে। 

দাম কমার তালিকা বড় হওয়ার কারণে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ১১৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১৩৬ পয়েন্টে নেমে গেছে। 

সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। তবে, লেনদেন হাজার কোটি টাকার ওপরে হয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২৫৭ কোটি ৩ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ২৭৫ কোটি ৯ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৮ কোটি ৬ লাখ টাকা। এর মাধ্যমে গত বছরের ৮ সেপ্টেম্বরের পর ডিএসইতে টানা দুই কার্যদিবস হাজার কোটি টাকার বেশি লেনদেন হলো। 

ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক, একমি পেস্টিসাইড, আইএফআইসি ব্যাংক, রবি, সোনালী পেপার এবং শাহজিবাজার পাওয়ার। 

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২২৮ প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯০টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২৪ কোটি ৬৫ লাখ টাকা। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   শেয়ারবাজার  লেনদেন ছাড়াল  হাজার কোটি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: