আবারও পেছাল অমর একুশে বইমেলা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এছাড়া মেলার স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশক এবং একাডেমি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম উপস্থিত ছিলেন।
বাংলা একাডেমি জানায়, আসন্ন অমর একুশে বইমেলা আয়োজনের বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বইমেলা সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি সভায় উপস্থাপন করেন। এরপর প্রকাশকদের উত্থাপিত দাবির প্রেক্ষিতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে, অমর একুশে বইমেলা ২৫ ফেব্রুয়ারি শুরু হবে, চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। অংশগ্রহণকারী যেসব প্রকাশক এখনও স্টল বরাদ্দ নেননি তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবেন। সেই ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬টায় স্টল বরাদ্দ করা হবে।
এবার অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল। সে অনুযায়ী বাংলা একাডেমি তাদের প্রস্তুতিও নিয়েছে। এরই মধ্যে প্রকাশকদের একটি অংশ মেলা পিছয়ে পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানায়। তারা পবিত্র রমজান মাসে মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই পরিপ্রেক্ষিতে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে বইমেলার নতুন তারিখ ঘোষণা হলো।
সময়ের আলো/আআ