খুলে গেল রহমতের দুয়ার

মুফতি আমিন ইকবাল

ইসলাম

বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। গতকাল সন্ধ্যায় আকাশে নতুন চাঁদের হাসিতে খুলল রহমত, বরকত ও নাজাতের দুয়ার। মুমিনরা

2026-02-19T00:53:03+00:00
2026-02-19T02:03:22+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
ইসলাম
রমজানের চাঁদের হাসি
খুলে গেল রহমতের দুয়ার
মুফতি আমিন ইকবাল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৩ এএম  আপডেট: ১৯.০২.২০২৬ ২:০৩ এএম
সংগৃহীত ছবি
বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। গতকাল সন্ধ্যায় আকাশে নতুন চাঁদের হাসিতে খুলল রহমত, বরকত ও নাজাতের দুয়ার। মুমিনরা প্রস্তুতি নিলেন তারাবিহ নামাজের। মসজিদে মসজিদে উপচেপড়া ভিড়। শেষ রাতে সেহরি খেতে ঘুম থেকে জাগল সবাই। কে কাকে ডেকে তুলবে— এই প্রতিযোগিতাও হলো! এই তো রোজা! এই তো রমজান! 

মূলত হিজরি বর্ষের নবম মাস রমজান। মুসলিম উম্মাহর কাছে এ মাসের গুরুত্ব অপরিসীম। রমজানকে ইবাদতের বসন্ত মাসও বলা হয়। এ মাসের অনন্য ইবাদত ‘রোজা’ পালন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন এই মাসে রোজা পালন করে।’ (সুরা বাকারা : আয়াত ১৮৫)

সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা। মুসলিম প্রাপ্তবয়স্ক, সাধারণ বুদ্ধিমত্তা বা স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, রোজা পালনে সক্ষম, সুস্থ সব নারী ও পুরুষের জন্য রমজান মাসে রোজা পালন করা বাধ্যতামূলক। ঋতুবর্তী নারী, সন্তান প্রসবকারিণী মা ও অসুস্থ ব্যক্তি রোজা পরবর্তী সময়ে কাজা আদায় করবেন। তবে কোনো কারণ ছাড়া রোজা না রাখলে সে ‘ফাসিক’ বলে গণ্য হবে। আর রোজা অস্বীকার করলে সে কাফির হিসেবে বিবেচিত হবে।

মাহে রমজানে পবিত্র কুরআন নাজিল হওয়ায় মাসটির গুরুত্ব বহু গুণে বেড়ে গেছে। এ ছাড়া এ মাসে রয়েছে লাইলাতুল কদর বা শবে কদর। কদরের রাতকে আল্লাহ তায়ালা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেন। রোজার উদ্দেশ্য তাকওয়াভিত্তিক সমাজ গঠন। এ প্রসঙ্গে সুরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ‘হে মুমিনরা, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’

রমজান মাস বান্দাদের আল্লাহর রহমত অর্জন ও ক্ষমা লাভের সুযোগ করে দেয়। অতীতের সব গুনাহ মাফ পাওয়ার সুযোগ আসে এ মাসে। মহানবী (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ঈমানসহকারে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে এবং এমনিভাবে রাতে ইবাদত করে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে’ (বুখারি)। 

রোজাদারের মর্যাদা ও সম্মানের বিষয়ে মহানবী (সা.) বলেছেন, ‘জান্নাতে রাইয়ান নামক একটা দরজা আছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধু রোজাদাররাই প্রবেশ করবে। তাদের প্রবেশের পর দরজাটি বন্ধ করে দেওয়া হবে। তারা ছাড়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না’ (বুখারি)। আর রোজাদারের পুরস্কার আল্লাহ নিজ হাতে দেবেন। 

হাদিসে কুদসিতে রাসুল (সা.) বর্ণনা করেন, ‘আল্লাহ বলেন, সাওম (রোজা) আমারই জন্য। আমি নিজেই এর বিনিময় দেব’ (বুখারি ও মুসলিম)। এসব কারণে মুসলিম উম্মাহর কাছে রোজার গুরুত্ব অপরিসীম।

রোজা শুধু সর্বশেষ উম্মতের ওপর ফরজ করা হয়নি। অন্য ধর্মের অনুসারীদের ওপরও রোজা পালন করার বিধান ছিল। পৃথিবীর প্রথম নবী আদম (আ.) রোজা পালন করতেন। নুহ (আ.)-এর সময় প্রতি মাসে তিনটি রোজা রাখার বিধান চালু ছিল। দাউদ (আ.) তার শিশুপুত্রের অসুস্থতার সময় ৭ দিন রোজা পালন করেন। মুসা (আ.) এবং ঈসা (আ.) ৪০ দিন করে রোজা রেখেছেন। 

আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) রোজা ফরজ হওয়ার আগে মহররমের নবম ও দশম তারিখ রোজা রাখতেন। হিজরি দ্বিতীয় সালে রমজানের রোজা ফরজ হিসেবে ঘোষিত হয়। তারপর থেকে প্রতি বছর রমজানকে অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যের সঙ্গে পালন করেন বিশ্ব মুসলিমবাসী। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজানের যথাযথ কদর যেন করতে পারি এই প্রার্থনা প্রভুর কাছে।

প্রাবন্ধিক ও সাংবাদিক

সময়ের আলো/আআ


  বিষয়:   রমজান  রহমত  সওগাত  ইসলাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: