দেশে গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে আলোচনা সামনে এনেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ‘ফ্যাসিবাদী’ সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জাতি আর সেই অন্ধকার অধ্যায়ে ফিরতে চায় না।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নেই জুলাই আন্দোলনের তাৎপর্য। তার ভাষ্য মতে, বিগত সময়ে কেবল বিরোধীপক্ষ নয়, বর্তমান সরকারি দলও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার প্রধান শর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা। ভিন্নমতকে দমন না করে বরং তা গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে হবে- এমন আহ্বান জানান তিনি। তার মতে, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতেই নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা সম্ভব।
আরও পড়ুন
রমজান উপলক্ষে দেশ-বিদেশের মুসলমানদের প্রতিও শুভেচ্ছা জানান জামায়াত আমির। তিনি কামনা করেন, পবিত্র এ মাস সবার জীবনে রহমত, মাগফিরাত ও নাজাত বয়ে আনুক এবং সামনে আসুক একটি বরকতময় ঈদুল ফিতর।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে ডা. শফিকুর রহমানের। পাশাপাশি কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিরোধীদলীয় উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এর আহ্বায়ক নাহিদ ইসলামের নাম চূড়ান্ত করা হয়েছে। হুইপের দায়িত্বে থাকবেন মাওলানা রফিকুল ইসলাম খান।
এএডি/