ক্যাম্পাসকেন্দ্রিক নতুন ধারার ছাত্ররাজনীতির গুরুত্ব দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ত্রৈমাসিক ম্যাগাজিন দল-দীপশিখার মোড়ক উন্মোচন করেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ আমন্ত্রিত অতিথিরা ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করেন।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আগস্টে যে গণঅভ্যুত্থান ঘটেছে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ স্থিতিশীল বাংলাদেশে চলে গেছে । কিন্তু পাঁচ আগস্ট থেকে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যন্ত আমার মনে হয় যে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের সংকটে ছিলাম এই বিগত দেড় বছরও আরেক ধরনের সংকটে আমরা ছিলাম এবং সেই সংকট মোকাবেলা করেই ছাত্রদল ক্যাম্পাস গুলোতে রাজনীতি করেছে। আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাগাজিনের এর ধারাবাহিকতা বজায় রাখতে।
আরও পড়ুন
তিনি বলেন, ছাত্রদলের নতুন ধারার ক্যাম্পাসকে নিয়ে আমরা বিগত দেড় বছরে প্রায় সতেরশো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি দিয়েছি এবং এই সতেরশো এর মধ্যে নিরানব্বই শতাংশ সবাইকে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা গঠন করতে সক্ষম হয়েছি। আমরা এভাবে নতুন ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং এই যে ক্যাম্পাস রানিং স্টুডেন্ট দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করেছি তার ধারাবাহিকতা আরো ব্যাপকতরভাবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান মহানগর সহ সব ক্ষেত্রে প্রসারিত করবে।
তিনি আরো বলেন, আমরা এই ম্যাগাজিনে শহীদ আবু সাঈদের পিতা, শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধের পিতা সহ আমরা পুরো রোড ম্যাপ করেছি। জুলাই গণ অভ্যুত্থানে যে রুট ম্যাপটা কিভাবে হয়েছে, আন্দোলন সংগঠিত হয়েছে তা নিরপেক্ষ ভাবে নিরপেক্ষ একদম সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমরা এটা করেছি। পুরো ম্যাগাজিন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নির্ভর একটি ম্যাগাজিন। যেন যুগ যুগ ধরে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের মাঝে জাগ্রতা থাকে। এই জুলাই আগস্টকে বুকে ধারণ করে ছাত্রদল আগামী ছাত্র রাজনীতি করে যাবে ইনশাল্লাহ।
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের প্রাথমিক চিন্তা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতেই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করব। কিন্তু এর মধ্যে ম্যাডাম অসুস্থ হয়ে গিয়েছেন। এরপরে বিভিন্ন সমস্যার কারণে বইয়ের মোড়ক উন্মোচনটি আমরা করতে পারিনি।
নির্বাচন-পরবর্তী সময়ের আশঙ্কা প্রকাশ করে নাছির বলেন, আমরা হয়তো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছি, কিন্তু একই সঙ্গে এটিও আমাদের অত্যন্ত গুরুত্বসহকারে ভবিষ্যতের জন্য অনুধাবন করতে হবে যে যারা এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য বিরোধিতা করেছে, যারা এ দেশের জন্মই দেখতে চায়নি, তারাও কিন্তু ৩২ শতাংশ ভোট পেয়ে গিয়েছে যেভাবেই হোক। সুতরাং আগামীতে বাংলাদেশি জাতীয়তাবাদকে আরও প্রসারিত করতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো বিকল্প নেই।
এএডি/