বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ওই দেশ। তবে সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সচিবালয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ঢাকায় আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর পক্ষে শুভেচ্ছা বিনিময়ও করা হয়।
হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। শুরু হয়েছিল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে। বর্তমানেও চীন বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। সাক্ষাৎকালে দুদেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, ‘বিগত সরকারের সময়ও দুদেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। নতুন সরকার ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানিয়ে দুদেশের বন্ধন আরও সুদৃঢ় করার ইঙ্গিত দেওয়া হয়েছে।’
এছাড়া হুমায়ুন কবির উল্লেখ করেন, বাংলাদেশে বিএনপির দুই-তৃতীয়াংশ ম্যান্ডেটকে চীন স্বীকৃতি ও সম্মান জানিয়েছে। সফরের সময়সূচি চূড়ান্ত না হলেও, এটি দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক জোরদারের এক গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখা হচ্ছে।
এএডি/