নিজ সংসদীয় আসন ঢাকা-১৭-এর বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরের জন্য এই অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের অর্থ গ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তার অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
ঢাকা-১৭ আসনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা রয়েছে। আসনটির আওতায় গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা ও ঢাকা সেনানিবাসের একাংশ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে এই আসনের সংসদ সদস্য।
সময়ের আলো/এমকে