আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে উত্তাল মেক্সিকো। দেশটির মাদকচক্রের শীর্ষ নেতাকে হত্যার পর ছড়িয়ে পড়া সহিংসতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে দেশটির ফুটবল ভক্তদের আশ্বস্ত করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, মেক্সিকো বিশ্বকাপের খেলা আয়োজনের ব্যাপারে তিনি আশাবাদী। মাদক চক্রের নেতার হত্যার পর সৃষ্ট সহিংসতা সম্পর্কে তিনি প্রথম এই মন্তব্য করলেন।
কলম্বিয়ার বাররানকিয়া শহরে তিনি বলেন, সবকিছু ভালো আছে। এটি দারুণ এক আসর হতে যাচ্ছে।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের তিন আয়োজক দেশের মধ্যে মেক্সিকো একটি, অন্য দুটি হলো যুক্তরাষ্ট্র ও কানাডা।
উল্লেখ্য, দুই দিন আগে সেনাবাহিনীর হাতে মাদক চক্রের নেতা নেমেসিও ওসেগুয়েরা কারভান্টেস ওরফে এল মেনচো নিহত হওয়ার পর কার্টেল চক্রের সদস্যরা তাণ্ডব চালায়, যার প্রভাব পড়ে মেক্সিকো বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াডালাজারাতে।
শক্তিশালী জালিসকো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর নেতা নিহত হওয়ার পর সারা দেশ, বিশেষ করে গুয়াডালাজারা সহিংসতায় কেঁপে ওঠে। শহরের কাছে একটি খামারে তাকে ধরার অভিযানে এবং পরবর্তী সংঘর্ষে অন্তত ৭৪ জন নিহত হন।
কার্টেলের বন্দুকধারীরা দেশটির ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে ২০টিতে সড়ক অবরোধ করে যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয়। বিশ্বকাপ শুরুর চার মাসেরও কম সময় আগে এই অরাজকতা ও সহিংসতার ছবি বিশ্বজুড়ে প্রচারিত হয়।
সময়ের আলো/এআর