মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতির মধ্যে জর্ডান দীর্ঘদিন ধরেই নিজেকে সংলাপ, স্থিতিশীলতা ও মধ্যপন্থার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই কৌশলের দৃশ্যমান মুখদের একজন হলেন রানী রানিয়া। তার প্রতিটি আন্তর্জাতিক সফর, রাষ্ট্রীয় স্বাগত অনুষ্ঠান কিংবা বহুপক্ষীয় বৈঠকে উপস্থিতি কেবল প্রটোকল রক্ষা নয়; বরং একটি সূক্ষ্ম কূটনৈতিক ভাষা নির্মাণ। বাইরে থেকে তা ফ্যাশন, আচার বা রাজকীয় শৈলী মনে হলেও ভেতরে থাকে স্পষ্ট রাজনৈতিক বার্তা।
সাম্প্রতিক সপ্তাহে ভারত সফর থেকে শুরু করে আম্মানে আলবেনিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানানো, সব ক্ষেত্রেই রানী রানিয়ার ভূমিকা ছিল দৃশ্যমান ও তাৎপর্যপূর্ণ। রাজা আবদুল্লাহ দ্বিতীয় যেখানে আনুষ্ঠানিক আলোচনায় নিরাপত্তা, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে কথা বলেন, সেখানে রানী রানিয়া মানবিক ইস্যু, শিক্ষা ও সাংস্কৃতিক সংযোগকে সামনে এনে সেই কূটনীতিকে নরম কিন্তু কার্যকর ভিত্তি দেন। ফলে জর্ডানের রাষ্ট্রীয় অবস্থান কেবল কৌশলগত নয়, মূল্যবোধনির্ভর বলেও প্রতিভাত হয়।
এই বাস্তবতায় রানী রানিয়ার উপস্থিতি একটি পরিমিত, আধুনিক ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য জর্ডানের প্রতিচ্ছবি; যেখানে ফ্যাশনের আড়ালেই উচ্চারিত হয় কূটনৈতিক বার্তা।
আম্মানে প্রটোকলের ভেতরকার রাজনীতি : আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস ও ফার্স্ট লেডি আরমান্ডাকে আম্মানে স্বাগত জানানোর আয়োজন ছিল নিখুঁত প্রটোকল মেনে। ভেন্যু ছিল আল হুসেইনিয়া প্যালেস যা জর্ডানের রাষ্ট্রীয় কূটনীতির প্রতীকী কেন্দ্র। কিন্তু এই সফর শুধু সৌজন্য বিনিময়ে সীমাবদ্ধ ছিল না। আলোচনার টেবিলে উঠে আসে বিনিয়োগ, নিরাপত্তা, পর্যটন ও উন্নয়ন সহযোগিতা। বলকান অঞ্চলের একটি দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করা মানে ইউরোপীয় পরিসরে জর্ডানের অবস্থান আরও বিস্তৃত করা।
আঞ্চলিক অনিশ্চয়তায় জর্ডানের ভারসাম্য : মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক টানাপড়েনের কেন্দ্র। এই বাস্তবতায় জর্ডান নিজেকে তুলনামূলক স্থিতিশীল ও সংলাপনির্ভর রাষ্ট্র হিসেবে তুলে ধরতে চায়। রাজা ও প্রেসিডেন্ট বেগাসের বৈঠকে নিরাপত্তা সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন বিশেষ গুরুত্ব পায়। ইউক্রেন যুদ্ধ পরবর্তী ইউরোপ, গাজা পরিস্থিতি ও বৃহত্তর মধ্যপ্রাচ্যের অস্থিরতা; সব মিলিয়ে জর্ডানের জন্য বহুমুখী সম্পর্ক তৈরি এখন কৌশলগত প্রয়োজন।
সফট ডিপ্লোম্যাসি ও রানী রানিয়ার ভূমিকা : রানি রানিয়া বরাবরই শিক্ষা, নারী ক্ষমতায়ন ও যুব উন্নয়ন ইস্যুকে সামনে রেখে আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন। ফলে তার প্রতিটি কূটনৈতিক উপস্থিতি হার্ড পলিটিক্সের পরিপূরক এক সফট শক্তি তৈরি করে। রাষ্ট্রীয় সফরে তার অংশগ্রহণ জর্ডানের বার্তাকে মানবিক মাত্রা দেয়, যা শুধু নীতিগত নয়, মূল্যবোধভিত্তিকও। আলবেনিয়ার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে সেই মানবিক ও সাংস্কৃতিক সেতুবন্ধের ইঙ্গিত স্পষ্ট ছিল।
ভারত সফরে বহুমাত্রিক বার্তা : আম্মানের আগে রানী রানিয়ার ভারত সফরও ছিল তাৎপর্যপূর্ণ। মুম্বাইয়ে চাণক্য স্কুল অব ক্রাফট পরিদর্শন কিংবা নয়াদিল্লিতে সাংস্কৃতিক সম্পৃক্ততা; এসব উদ্যোগ দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার কৌশলের অংশ। ভারত একটি উদীয়মান বৈশ্বিক শক্তি, তার সঙ্গে শিক্ষা ও কারুশিল্পভিত্তিক সহযোগিতা জর্ডানের জন্য কূটনৈতিক বিনিয়োগ। এই সফর প্রমাণ করে জর্ডান শুধু পশ্চিমা পরিসরে নয়, এশীয় অক্ষেও সক্রিয় সম্পর্ক গড়তে আগ্রহী।
পারিবারিক ইফতার থেকে রাষ্ট্রীয় বার্তা : রানিয়ার রমজানের পারিবারিক ইফতার আয়োজন ছিল ভিন্নধর্মী হলেও প্রতীকী। রাজপরিবারের সদস্যদের একসঙ্গে উপস্থিতি অভ্যন্তরীণ স্থিতিশীলতার বার্তা দেয়। রাজনীতি যেমন আন্তর্জাতিক মঞ্চে চর্চিত হয়, তেমনি অভ্যন্তরীণ ঐক্যও বহির্বিশ্বে আস্থা তৈরি করে। এমন আয়োজনের মধ্য দিয়ে রাজতন্ত্রের ধারাবাহিকতা ও প্রজন্মান্তরের সংহতির ইঙ্গিত দেওয়া হয়; যা বিদেশি অংশীদারদের জন্যও আশ্বাসের বিষয়।
ইউরোপীয় পরিসরে নতুন সংযোগ : আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রক্রিয়ায় থাকা একটি দেশ। এই প্রেক্ষাপটে তিরানা-আম্মান সংযোগ জর্ডানের জন্য কৌশলগত। বলকান অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা জর্ডানের অর্থনীতিকে বৈচিত্র্যময় করার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে ইউরোপীয় নীতিনির্ধারণী পরিসরে একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র পাওয়া মধ্যপ্রাচ্যের কূটনৈতিক আলোচনায় জর্ডানকে বাড়তি সুবিধা দিতে পারে।
নীরব কূটনীতি, স্পষ্ট বার্তা : সপ্তাহজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, বৈঠক ও সফরের ভেতর দিয়ে স্পষ্ট হয়েছে; জর্ডান নিজেকে বহুমাত্রিক অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। রানী রানিয়ার উপস্থিতি সেই প্রচেষ্টাকে মানবিক, আধুনিক ও বিশ্বাসযোগ্য রূপ দেয়। এটি কেবল রাজকীয় আভিজাত্যের গল্প নয়; বরং সংলাপ, সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার এক সুসংহত কৌশল। মধ্যপ্রাচ্যের অনিশ্চিত সময়েও জর্ডান যে ভারসাম্যের রাজনীতি চর্চা করছে, তার এক গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন রানী রানিয়া।