সংসদে-সরকারে পোশাক খাত থেকেই ১৬ ব্যবসায়ী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তাদের সদস্যদের সাফল্য উদযাপন করেছে। নির্বাচিত সংসদ সদস্যদের

2026-02-27T13:34:19+00:00
2026-02-27T13:45:20+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
সংসদে-সরকারে পোশাক খাত থেকেই ১৬ ব্যবসায়ী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৪ পিএম  আপডেট: ২৭.০২.২০২৬ ১:৪৫ পিএম
সংসদে-সরকারে পোশাক খাত থেকেই ১৬ ব্যবসায়ী। সংগৃহীত ছবি
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী তাদের সদস্যদের সাফল্য উদযাপন করেছে। নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা প্রকাশের পর তাদের পেশাগত চিত্রে দেখা যায়, অংশগ্রহণকারী প্রার্থীদের প্রায় ৬০ শতাংশই ছিলেন ব্যবসায়ী। নির্বাচনের ফলাফলেও ব্যবসায়ীদের উল্লেখযোগ্য সাফল্য প্রতিফলিত হয়েছে। 

বিশেষ করে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট অন্তত ১৬ জন ব্যবসায়ী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। রাজধানীতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বিজিএমইএ এ সাফল্য উদযাপন করে।

নবগঠিত মন্ত্রিসভার তালিকা ও বিজিএমইএর তথ্য বিশ্লেষণে জানা যায়, তৈরি পোশাক খাতের সঙ্গে যুক্ত তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী রয়েছেন। এছাড়া সম্প্রতি দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন এ খাতের একজন উদ্যোক্তা, যিনি অন্যান্য ব্যবসা ও সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

গত ২৫ ফেব্রুয়ারি গভর্নর পদে নিয়োগ পাওয়া হিসাববিদ (এফসিএমএ) মো. মোস্তাকুর রহমান একজন ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জভিত্তিক হেরা সোয়েটার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি সোয়েটার ও নিটওয়্যার উৎপাদন ও রফতানির সঙ্গে জড়িত।

সংশ্লিষ্টদের মতে, জাতীয় নির্বাচন ও পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণী পর্যায়ে তৈরি পোশাক শিল্পের প্রভাব আরও সুদৃঢ় হয়েছে। নীতিনির্ধারণের ক্ষেত্রে খাতটির ব্যবসায়ীরা আবারও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও নতুন মন্ত্রিসভায় তাদের উপস্থিতি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পোশাক শিল্প পরিবারের নবনির্বাচিত ১৬ জন সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে ইফতার ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে বিজিএমইএ।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, নির্বাচিতদের মধ্যে রয়েছেন—পিরোজপুর-২ আসনের আহম্মদ সোহেল মনজুর, টাঙ্গাইল-৪ আসনের মো. লুৎফর রহমান, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, কিশোরগঞ্জ-৬ আসনের মো. শরীফুল আলম, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম, মুন্সিগঞ্জ-১ আসনের মো. আব্দুল্লাহ্, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ ইসলাম, সিলেট-1 আসনের খন্দকার আব্দুল মুক্তাদির, হবিগঞ্জ-৪ আসনের এসএম ফয়সল, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব, কুমিল্লা-৮ আসনের জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম, চাঁদপুর-৪ আসনের মো. আবদুল হান্নান, নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক, লক্ষ্মীপুর-১ আসনের মো. শাহাদাত হোসেন এবং চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ।


এদের মধ্যে তিনজন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন—বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের খন্দকার আব্দুল মুক্তাদির; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আফরোজা খানম রিতা; এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাকারিয়া তাহের। প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন—বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মো. শরীফুল আলম; পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের শামা ওবায়েদ ইসলাম; এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আহম্মদ সোহেল মনজুর।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের মো. শাহাদাত হোসেন, মুন্সিগঞ্জ-১ আসনের মো. আব্দুল্লাহ্, টাঙ্গাইল-৪ আসনের মো. লুৎফুর রহমান, কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব এবং চট্টগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএ সভাপতি অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।

উদ্বোধনী বক্তব্যে বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান বলেন, তৈরি পোশাক শিল্প থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এ খাতের সমস্যা ও সীমাবদ্ধতা সম্পর্কে অবগত। তাদের অভিজ্ঞতা শিল্পের সংকট নিরসন ও চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান বলেন, বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান ধরে রাখতে শিল্পের সমস্যাগুলোর কার্যকর সমাধান জরুরি। নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে শিল্পকে এগিয়ে নিতে তারা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পোশাক শিল্পকে আরও সম্প্রসারণের লক্ষ্য নিয়েও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি পোশাক ও বস্ত্র খাতের সমস্যাগুলোও সংসদে তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। তার মতে, পোশাক শিল্পের অগ্রগতি মানেই জাতীয় অর্থনীতির অগ্রগতি। তাই সময়োপযোগী ও কার্যকর নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।

বিজিএমইএর তথ্যমতে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা মুন্নু অ্যাটায়ার্স লিমিটেডের পরিচালক। খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রতিষ্ঠান শাবাব ফ্যাব্রিক্স লিমিটেড, যা শতভাগ কটনভিত্তিক তোয়ালে উৎপাদন করে এবং ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে রফতানি করে। জাকারিয়া তাহেরের আরমানা গ্রুপ ডেনিম ও অন্যান্য বস্ত্রপণ্য উৎপাদন করে বিশ্বের ৪০টিরও বেশি দেশে রফতানি করছে।

প্রতিমন্ত্রীদের মধ্যে শামা ওবায়েদ ইসলামের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান স্প্যারো গ্রুপ, মো. শরীফুল আলমের ফ্রেশ ফ্যাশন ওয়্যার লিমিটেড এবং আহম্মদ সোহেল মনজুরের নর্দান ফ্যাশন লিমিটেড বিজিএমইএর সদস্য কারখানা।

অন্যান্য সংসদ সদস্যদের মধ্যেও বিভিন্ন গার্মেন্টস ও টেক্সটাইল প্রতিষ্ঠানের মালিক ও পরিচালক রয়েছেন, যারা দেশীয় পোশাক শিল্পের উৎপাদন ও রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ ও নতুন মন্ত্রিসভায় তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট প্রতিনিধিত্বকে বড় অর্জন হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।



/ইউএমএইচ
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: