ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের দুর্নীতি কমানো এবং স্বচ্ছতার সাথে সেবা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম বেশ জটিল এবং এ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এখনো অনেক কম। জনগণের দুর্ভোগ লাঘব করে ভূমি ব্যবস্থাকে আধুনিকায়নের লক্ষ্যে সরকার বর্তমানে একটি সমন্বিত টিমওয়ার্কের মাধ্যমে কাজ করছে। জমির মালিকদের সব ধরনের হয়রানি বন্ধ করে দ্রুত সেবা প্রদান নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের নেতা-কর্মীদের জামিন পাওয়ার পর পুনরায় অন্য মামলায় গ্রেপ্তার দেখানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিজানুর রহমান মিনু জানান, এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। যেহেতু প্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়, তাই বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
তিনি আরও বলেন, দেশ সবার এবং এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রত্যেকের নাগরিক দায়িত্ব।
সময়ের আলো/আরবিএন