ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গত এক সপ্তাহ আগে তাকে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার রাত মরদেহ হাসপাতালেই রাখা হবে। শনিবার ভোরে সংরক্ষণের জন্য মরদেহ নেওয়া হবে কলকাতার পিস হেভেনে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
আরও পড়ুন
পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী জোয়াহেরুল ইসলাম ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রীও মেডিকেল ভিসায় ভারতে গিয়ে তার সঙ্গে যোগ দেন। পরিবার-পরিজনসহ সেখানেই অবস্থান করছিলেন তিনি।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জেলা রাজনীতিতে তিনি দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রেখেছেন।
তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে শোক প্রকাশের পাশাপাশি মরদেহ দেশে আনার পর জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।
এএডি/