যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে স্পট মার্কেট থেকে এলএনজি কেনার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ্বালানি আমদানির বিল দ্রুত পরিশোধে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা জোগানেও বাংলাদেশ ব্যাংককে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
বিষয়গুলো সম্পর্কে জানেন জ্বালানি বিভাগের এমন কর্মকর্তারা মঙ্গলবার বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হওয়ার প্রেক্ষাপটে কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় নির্ধারিত এলএনজি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
মার্চ মাসে দেশের চাহিদা মেটাতে কমপক্ষে আট কার্গো এলএনজি প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় স্পট মার্কেট থেকে অতিরিক্ত কার্গো আনার বিষয়টি আলোচনায় এসেছে। পরে এ বিষয়ে নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রীর তরফে।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এদিন রাতে বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে। তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কাও নেই। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য সরবরাহ বিঘ্নের ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
প্রয়োজন অনুযায়ী স্পট মার্কেট থেকে জ্বালানি কেনার জন্য সব ধরনের প্রক্রিয়াগত, আর্থিক ও সরবরাহ সংক্রান্ত প্রস্তুতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
পেট্রোবাংলার এক কর্মকর্তা বলেন, এ নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রক্রিয়াগত বিষয়গুলো ঠিক করতে হবে। কোথা থেকে আনা হবে, কীভাবে আনা হবে, এসব নির্ধারণের পরই প্রস্তাব যাবে।
সময়ের আলো/এআর