জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই হওয়া সংবিধান সংস্কার বিষয়ে গণভোটে হ্যাঁ জিতলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়া বিএনপি। এরপর আবার এ বিষয়টি আদালতে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে জামায়াতে ইসলামী ও তাদের জোটে থাকা এনসিপি। সংসদ নির্বাচনে দল দুটি থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথের সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি ওই শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন আদৌ আর হবে কি না সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে। গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল জারির পর এটিই আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে যাচ্ছে কি না সেই কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার পর ২০২৫ সালের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়েছিল। একই বছরের ১৩ নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়। পরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ে ২৫ নভেম্বর গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।
তার ভিত্তিতে গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং তাতে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। কিন্তু এরপর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী। রিটে গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫-কে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করেছিলেন তারা। একই সঙ্গে এই অধ্যাদেশ ও সনদের কোনো কার্যক্রম যাতে কার্যকর না হয়, সে বিষয়ে নিষেধাজ্ঞাও চাওয়া হয় রিটে। রিট আবেদনে বলা হয়, সংবিধানে গণভোট এবং জুলাই জাতীয় সনদের কোনো বিধান নেই।
মঙ্গলবার শুনানি শেষে আদালত জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং গত ১৬ ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে, তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ৩ নম্বর তফসিল যার অধীনে রাজনৈতিক দলগুলো ৩০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতের এ রুলের পর বিরোধী রাজনৈতিক দলগুলোর দিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে। ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বিচার বিভাগ থেকে এসব বিষয়ে কী ধরনের মতামত আসে সেদিকেও তাদের দৃষ্টি রয়েছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে অনেক ধরনের বক্তব্য আসতে পারে কিন্তু যেসব বিষয়ে আদালতে রিট হয়েছে, সেসব বিষয়ে আদালত থেকে কী নির্দেশনা আসে সেটিও সংসদকে আইন প্রণয়নের সময় বিবেচনায় নিতে হবে।
হাইকোর্ট রুল জারির পর ওই রাতেই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ওই বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে বলে বিবৃতিতে মন্তব্য করেছেন তিনি। সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা হবে দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ, বিবৃতিতে বলেছেন তিনি।
এর আগে সোমবার রিট পিটিশন দুটি দায়েরের পর ওই রাতেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির রিট দায়েরকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেন। তিনি অভিযোগ করেছিলেন যে, তাড়াহুড়ো করে দুজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়েরের পেছনে সরকারের ইন্ধন রয়েছে। আদালতে আইনজীবীদের মধ্যে সরকারের ইন্ধন দেখা যাচ্ছে।
এরপর এ বিষয়ে অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দিক থেকেও। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, সরকারি দল বিএনপি জুলাই সনদ নিয়ে একধরনের ‘ডুয়েল গেম’ খেলছে। তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ও সনদ বাস্তবায়ন নিয়ে স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে। তারা এক ধরনের ডুয়েল গেম খেলছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, আদালত থেকে যে সিদ্ধান্ত বা নির্দেশনা আসবে সেটি সংসদকেও বিবেচনায় নিতে হবে, যাতে করে আইন প্রণয়নের পর সেটি আবার আদালতে বাধাগ্রস্ত না হয়।
সময়ের আলো/আআ