জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিদেশি কূটনীতিকদের কাছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার মতে, গত দেড় বছরের অভিজ্ঞতা ও লড়াই আগামীর বাংলাদেশের গতিপথ ঠিক করে দিয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘এনসিপির যাত্রা’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘বিভিন্ন ইস্যুতে আমাদের অবস্থান আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে এনসিপির যাত্রা বইটিতে আমাদের সব অবস্থান ও আদর্শ স্পষ্টভাবে লিপিবদ্ধ করা হয়েছে।’
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন ছিল মূলত মাঠের সাধারণ শিক্ষার্থীদের। আর গত এক দশকে সারা দেশে যে নেতৃত্ব সংগঠিত হয়েছিল, তাদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক কমিটি। এই দুই শক্তির মিলনমেলার নামই হলো এনসিপি। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, আমরা তাদের স্বাগত জানাই। তবে আন্দোলনের মূল নেতৃত্বের বড় অংশ এনসিপিতে থাকায় এই দলটির ভিত্তি অনেক মজবুত।’
তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাদের একটি বড় অংশই বর্তমানে এনসিপির সঙ্গে সম্পৃক্ত।’
সময়ের আলো/কেএইচও