জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে যত তাড়াতাড়ি স্বৈরাচার হবে, তার পতন তত তাড়াতাড়ি হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কালান্দিগঞ্জ গ্রিন টি ভ্যালি রিসোর্টে এনসিপির আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা সভায় বক্তব্যে এ কথা বলেন তিনি।
সারজিস বলেন, আমরা দেখছি কিছু নেতাকর্মী নির্বাচনে বিজয়ী হয়ে তারা তাদের জায়গা থেকে অতি উৎফুল্ল হয়ে গেছে। আমাদের নেতাকর্মীদের ধমক দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সাবধান করছে, এ রকম অনেক আচরণ, এমনকি হাত পর্যন্ত তুলছে। একটি কথা মনে রাখবেন, যে যত তাড়াতাড়ি স্বৈরাচার হবে তার পতন তত তাড়াতাড়ি হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সময় ১৬ বছর লেগেছে কারণ, কারণ মানুষ সাহস করে রাস্তায় নামতে পারে নাই। এখন প্রত্যেকটি মানুষ সাহস করে রাস্তায় নামবে। এবার কিন্তু ১৬ বছর লাগবে না। কেউ যদি নতুন করে হতে চায় স্বৈরাচার, তাহলে বলতে পারি আগামী পাঁচ বছর তাদের জন্য ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে না। আসন্ন স্থানীয় নির্বাচনে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তেঁতুলিয়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে তেঁতুলিয়ার সমস্যা, চাঁদাবাজি নির্মূল করে সমৃদ্ধ উপজেলা গড়ে তুলব।
ইফতার মাহফিলে তেঁতুলিয়া উপজেলার এনসিপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জামায়াতের আমির আব্দুল হাকিম, জাতীয় যুবশক্তির আহ্বায়ক হযরত আলীসহ ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
সময়ের আলো/জোই/আআ