দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা, আশায় পর্যটন ব্যবসায়ীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

বর্ষা মৌসুমের মন্দা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দুর্গাপূজার ছুটি ও আগামী ২৩

2026-10-19T14:38:36+00:00
2026-10-19T14:38:36+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা, আশায় পর্যটন ব্যবসায়ীরা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৩৮ পিএম 
দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে জমজমাট কুয়াকাটা। ছবি : সময়ের আলো
বর্ষা মৌসুমের মন্দা কাটিয়ে আবারও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠছে দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র কুয়াকাটা। দুর্গাপূজার ছুটি ও আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠেয় ‘কুয়াকাটা বিচ কার্নিভাল-২০২৬’ ঘিরে পর্যটকদের আগমন আরও বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতোমধ্যে কার্নিভাল ও ছুটিকে কেন্দ্র করে আবাসিক হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও সৈকতকেন্দ্রিক ক্ষুদ্র ব্যবসায়ীরা। এদিকে পর্যটকদের নিরাপত্তা ও হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ কয়েক মাসের মন্দা কাটিয়ে কুয়াকাটা সৈকতে বাড়তে শুরু করেছে পর্যটকদের আনাগোনা। বর্ষা মৌসুমে পর্যটকের সংখ্যা কম থাকায় হোটেল-মোটেল, রেস্তোরাঁ, শামুক-ঝিনুকের দোকান, ডাব ও চায়ের দোকানসহ পর্যটননির্ভর বিভিন্ন ব্যবসায় লোকসান গুনতে হয়েছে। তবে দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভালকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন ব্যবসায়ীরা।


পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দুর্গাপূজার ছুটি, বিচ কার্নিভালের আয়োজন এবং শীত মৌসুমের আগমনে কুয়াকাটায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কার্নিভালের উদ্বোধনী দিনে জিরো পয়েন্ট থেকে গঙ্গামতি সৈকত পর্যন্ত বিচ ম্যারাথন আয়োজনের পরিকল্পনাও উৎসবের আমেজ বাড়াচ্ছে। সব মিলিয়ে সৈকতজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সংশ্লিষ্টদের তথ্যমতে, কুয়াকাটায় প্রায় ২৫০ থেকে ৩০০টি আবাসিক হোটেল-মোটেল এবং শতাধিক খাবারের হোটেল রয়েছে। পাশাপাশি সৈকতকেন্দ্রিক বিভিন্ন ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বহু মানুষ। পর্যটকের সংখ্যা বাড়লে এসব প্রতিষ্ঠানে কর্মচাঞ্চল্য ফিরবে এবং স্থানীয় অর্থনীতিও চাঙা হবে বলে আশা করছেন তারা।


বিচ কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়ের আব্দুর রহিম সাকি, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের থাকার কথা রয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা জামান জুঁই ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।


কুয়াকাটা ঘুরতে আসা ঢাকা থেকে আসা পর্যটক পারভেজ শাহীন বলেন, এর আগে সাত-আটবার কুয়াকাটায় বেড়াতে এসেছেন তিনি। এবার পরিবারের সদস্যদের নিয়ে এসে বেশি ভালো লাগছে। দুই দিন ধরে এখানে আছেন, আরও এক দিন থাকার পরিকল্পনা রয়েছে।

খুলনা থেকে আসা পর্যটক শাহিনুর আক্তার বলেন, এবারই প্রথম পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটায় এসেছেন। লেবুর বন, ঝাউবন ও গঙ্গামতি ঘুরে তার ভালো লেগেছে। বিচ কার্নিভালের কথা আগে জানলে আরও পরে আসতেন বলেও জানান তিনি। সুযোগ পেলে আবারও পরিবার নিয়ে কুয়াকাটায় আসতে চান।

পর্যটকদের আগমন বাড়তে থাকায় ব্যবসায়ও গতি ফিরতে শুরু করেছে। কুয়াকাটার শামুক-ঝিনুক ব্যবসায়ী মো. রাজু আহমেদ বলেন, বিভিন্ন কারণে এ বছর পর্যটকের সংখ্যা কম থাকায় তাদের বিক্রিও কম ছিল। তবে চলতি সপ্তাহ থেকে পর্যটকদের আগমন বাড়ছে। ছুটিতে আরও বেশি পর্যটক এলে ভালো বিক্রি হবে বলে আশা করছেন তিনি।


স্থানীয় ডাব বিক্রেতা মো. আবু সালেহ বলেন, দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমের মন্দায় তাদের ব্যবসার অবস্থা ভালো ছিল না। সামনে পর্যটন মৌসুম শুরু হওয়ায় এবার পর্যটক বাড়বে বলে আশা করছেন। এতে বিক্রি বাড়বে এবং আগের লোকসান কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

চায়ের দোকানি মো. আল আমিন বলেন, বর্ষাকালে পর্যটকের চাপ কম থাকলেও এখন দিন দিন বাড়ছে। গত শুক্রবারও অনেক পর্যটক এসেছিলেন। সামনের দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে তার প্রত্যাশা।

কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, গত মৌসুমে রমজান, নির্বাচন ও নির্বাচন-পরবর্তী পরিস্থিতির কারণে কুয়াকাটায় পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। তবে এবার পর্যটকের আগমন বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। বিচ কার্নিভালকে ঘিরে ব্যাপক পর্যটক সমাগমের সম্ভাবনা রয়েছে।


তিনি আরও বলেন, ইতোমধ্যে দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল উপলক্ষে আবাসিক হোটেলগুলোর প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। পর্যটকের চাপ বাড়লে অনেক হোটেলে কক্ষের সংকটও দেখা দিতে পারে। গত বছরের লোকসান কাটিয়ে উঠতে এবার ব্যাপক পর্যটক সমাগম প্রয়োজন।

এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা প্রশাসন কাজ করছে। সাদা পোশাকেও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি সৈকত ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা কর্তৃপক্ষ।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক মো. নাজমুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটকেরা কুয়াকাটায় আসছেন। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। বিচ কার্নিভাল উপলক্ষে পর্যটকের সংখ্যা বাড়লেও নিরাপত্তার দায়িত্বে কোনো শিথিলতা থাকবে না। পর্যটকেরা যাতে নির্বিঘ্নে প্রতিটি দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন, সে জন্য পুলিশ তৎপর রয়েছে। কেউ সমস্যায় পড়লে তাকে নিরাপত্তা দিতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।


কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক বলেন, পর্যটকেরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। খাবারের হোটেল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে যাতে কেউ প্রতারণার শিকার না হন, সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। খাবারের মান যাচাইয়ের পাশাপাশি পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেন, বিচ কার্নিভাল উপলক্ষে প্রশাসনের বিভিন্ন সংস্থার সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি মেডিকেল টিমসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে।

দুর্গাপূজার ছুটি, বিচ কার্নিভাল ও শীত মৌসুমকে ঘিরে পর্যটকদের বাড়তি উপস্থিতির প্রত্যাশায় এখন কুয়াকাটার ব্যবসায়ীরা। তাঁদের আশা, পর্যটকের সংখ্যা বাড়লে দীর্ঘদিনের মন্দা কাটিয়ে স্থানীয় পর্যটন ব্যবসায় নতুন গতি ফিরবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  দুর্গাপূজার ছুটি  বিচ কার্নিভাল  জমজমাট কুয়াকাটা  পর্যটন ব্যবসায়ীরা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: