কুয়াকাটার নতুন গন্তব্য কাউয়ারচর। ছবি : সময়ের আলো সাগরকন্যা কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের পশ্চিম প্রান্তে লেম্বুর বন এবং পূর্ব প্রান্তে কাউয়ারচর। কুয়াকাটার পরিচিত পর্যটন স্পটগুলোর বাইরে বিস্তীর্ণ বেলাভূমি, খোলা আকাশ, সমুদ্রের বাতাস ও নির্জন পরিবেশ নিয়ে ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে কাউয়ারচর।
রামনাবাদ নদী ও সাগরের মোহনার কাছাকাছি অবস্থিত কাউয়ারচরের একদিকে বিশাল চরাঞ্চল, অন্যদিকে সমুদ্র। পাশাপাশি পায়রা বন্দরের লাইটার জাহাজের চলাচলও দেখা যায় এখান থেকে। ফলে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি নদী, সাগর ও নৌযানের দৃশ্য পর্যটকদের জন্য তৈরি করে ভিন্ন অভিজ্ঞতা।
কুয়াকাটার জিরো পয়েন্টে ছুটির দিন ও পর্যটন মৌসুমে মানুষের ভিড় বাড়ে। এ কারণে অনেক পর্যটক এখন অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা খুঁজছেন। সেই চাহিদা পূরণে সম্ভাবনাময় হয়ে উঠছে কাউয়ারচর। এখানে নেই শহরের কোলাহল কিংবা সারি সারি মানুষের ভিড়। আছে বিস্তীর্ণ চর, বিশাল বেলাভূমি ও উপকূলীয় প্রকৃতির নিজস্ব সৌন্দর্য।
সাতক্ষীরা থেকে আসা পর্যটক শিহাব পারভেজ বলেন, কুয়াকাটার মূল সৈকতে ব্যাপক মানুষের সমাগম থাকে। কাউয়ারচরের পরিবেশ তুলনামূলক নিরিবিলি। পরিবার নিয়ে কিছু সময় কাটানোর জন্য জায়গাটি ভালো।
পিরোজপুর থেকে আসা পর্যটক মো. মোশারেফ হাওলাদার বলেন, কাউয়ারচর অনেক বড় একটি পর্যটন স্পট হতে পারে। ভেড়িবাঁধ থেকে সৈকতে যাওয়ার মতো ভালো রাস্তা নেই। যেখান দিয়ে যাতায়াত করা যায়, সেটি মূলত হাঁটার পথ। গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ নেই। রাস্তা হলে কাউয়ারচরে পর্যটকের সংখ্যা অনেক বাড়বে।
পর্যটনের সঙ্গে বদলাতে পারে স্থানীয় অর্থনীতি
কাউয়ারচরের সৌন্দর্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে স্থানীয় মানুষের জীবন-জীবিকা। মৎস্য আহরণ, কৃষিকাজ, ছোট ব্যবসাসহ নানা কাজে এখানকার মানুষ উপকূলীয় প্রকৃতির ওপর নির্ভরশীল। পর্যটন বাড়লে স্থানীয় মানুষের সামনে নতুন আয়ের সুযোগ তৈরি হতে পারে।
স্থানীয় তরুণরা পর্যটকদের পরিবহন ও গাইডের কাজ করতে পারেন। স্থানীয়রা খাবারের দোকান, ছোট ব্যবসা ও পর্যটনসেবা চালু করতে পারেন। নারীদের তৈরি খাবার, পিঠা, শুঁটকি ও হস্তশিল্পও পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে।
স্থানীয় জেলে মো. শাহ আলম আকন বলেন, আমরা মাছ ধরি, সংসার চালাই। আর কোনো আয় নেই। শুক্রবার-শনিবার কিছু পর্যটক আসে। সাগরপাড়ে যাওয়ার ভালো ব্যবস্থা না থাকায় তারা বেশি সময় থাকে না। রাস্তা-ঘাট ভালো হলে পর্যটক বাড়ত। আমরাও দোকানপাট করে ভালো আয় করতে পারতাম।
স্থানীয় মোটরসাইকেলচালক মো. শাহিন জোমাদ্দার বলেন, কুয়াকাটায় আসা পর্যটকেরা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। কাউয়ারচরে এলে সাগর, চর ও বিভিন্ন গাছপালার বাগান দেখে তাদের ভালো লাগে। কিন্তু এখানে কোনো ব্যবসাপ্রতিষ্ঠান না থাকায় কিছুক্ষণ পরই তারা ফিরে যান।
যোগাযোগব্যবস্থাই বড় বাধা
কাউয়ারচরের পর্যটন সম্ভাবনা থাকলেও যোগাযোগব্যবস্থা এখনো বড় বাধা। বর্ষা, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগের সময় নিরাপদ যাতায়াত নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পর্যটকদের জন্য নির্দিষ্ট পরিবহনব্যবস্থা ও প্রশিক্ষিত চালকের ব্যবস্থাও প্রয়োজন।
কুয়াকাটা পর্যটন কেন্দ্রের আশপাশে পরিকল্পিতভাবে অবকাঠামো গড়ে উঠলে কাউয়ারচরেও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কাউয়ারচরে বিনিয়োগকারী নোয়াখালীর মো. আলমাছ চৌধুরী বলেন, তিনি অনেক আগেই সেখানে কিছু জমি কিনেছেন। তবে কবে সেগুলো কাজে লাগাতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তার মতে, ঘূর্ণিঝড় সিডরের আগে যে উন্নয়নের ধারা ছিল, পরে তা অনেকটাই থেমে গেছে।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াছিন ছাদেক বলেন, কাউয়ারচর কুয়াকাটা পর্যটন এলাকার অন্যতম বড় সৈকত। এর প্রাকৃতিক সৌন্দর্য ও পায়রা বন্দরের জাহাজ চলাচল পর্যটকদের আকর্ষণ করে। জায়গাটির উন্নয়নে বিভিন্ন প্রকল্পের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে করা হয়েছে। এসব বাস্তবায়ন হলে কাউয়ারচর একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কুয়াকাটা থেকে লেম্বুর বন, মিশ্রিপাড়া ও গঙ্গামতি পর্যন্ত পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। আগামী বাজেটে কাউয়ারচর পর্যন্ত সড়ক নির্মাণের কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তখন পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে কাউয়ারচরে যেতে পারবেন।
প্রকৃতি রক্ষা করেই পর্যটন
কাউয়ারচরের সবচেয়ে বড় সম্পদ এর প্রাকৃতিক পরিবেশ। তাই পর্যটন উন্নয়নের নামে অপরিকল্পিত স্থাপনা, দোকানপাট কিংবা যানবাহনের চাপ বাড়লে জায়গাটির স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
কুয়াকাটার বিভিন্ন চর ও সৈকতে লাল কাঁকড়াসহ বিভিন্ন উপকূলীয় প্রাণীর দেখা মেলে। কাউয়ারচরেও লাল কাঁকড়ার বিচরণ রয়েছে। এই জীববৈচিত্র্যকে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে সংরক্ষণ করা যেতে পারে। পর্যটকদের বালুচরে যানবাহন চালানো কিংবা কাঁকড়া ধরে ছবি তোলার প্রবণতা নিয়ন্ত্রণ করাও জরুরি।
পরিকল্পিতভাবে কাউয়ারচরকে পর্যটনের আওতায় আনা গেলে পরিবেশবান্ধব ছোট আবাসন, ক্যাফে, স্থানীয় খাবারের রেস্তোরাঁ, পর্যটন গাইড, সাইকেল ভাড়া ও নৌভ্রমণের মতো সেবা চালু হতে পারে। এতে পর্যটকদের কুয়াকাটায় অবস্থানের সময় বাড়ার পাশাপাশি হোটেল, পরিবহন, রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ও এর সুফল ছড়িয়ে পড়তে পারে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল মোতালেব শরীফ বলেন, কুয়াকাটায় আসা পর্যটকেরা জিরো পয়েন্টে কিছু সময় কাটিয়ে অন্যান্য দর্শনীয় স্থানে যান। কাউয়ারচর থেকেও সূর্যোদয় উপভোগ করা যায়। পর্যটকেরা জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন।
কুয়াকাটার স্থানীয় হোটেল ব্যবসায়ী মো. হারিচ সিকদার বলেন, জিরো পয়েন্টের মতো পর্যটকসমাগম ও উন্নয়ন অন্য জায়গায় তৈরি হতে সময় লাগবে। তবে সরকার কুয়াকাটার আশপাশের যেসব স্পটে পর্যটকদের জন্য উন্নয়ন করবে, সেখানেই স্থানীয় ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা অঞ্চলের এসআই মো. নজরুল ইসলাম বলেন, কুয়াকাটায় আসা পর্যটকেরা বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যান। তবে কাউয়ারচরে পর্যটক তুলনামূলক কম। এর প্রধান কারণ সেখানে যাওয়ার ভালো ব্যবস্থা নেই। পর্যটক থাকুক বা না থাকুক, নিরাপত্তার জন্য কাউয়ারচরে নিয়মিত টহল দেওয়া হয়।
পরিকল্পিত যোগাযোগব্যবস্থা, পরিবেশবান্ধব অবকাঠামো এবং স্থানীয় মানুষকে পর্যটন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা গেলে কাউয়ারচর কুয়াকাটার পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ নতুন গন্তব্য হয়ে উঠতে পারে। জিরো পয়েন্টের ভিড়ের বাইরে নিরিবিলি প্রকৃতি খুঁজতে যাওয়া পর্যটকদের জন্য এটি হতে পারে নতুন ঠিকানা। একই সঙ্গে সঠিক পরিকল্পনা বাস্তবায়ন হলে কাউয়ারচর স্থানীয় অর্থনীতিরও নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
সময়ের আলো/জোই