পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিগত ১৭ বছরের জঞ্জাল, আবর্জনা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। আমরা যেহেতু নির্বাচিত সরকারে আছি, তারেক রহমানের নেতৃত্বে সব ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে নদী ও খাল দখলমুক্ত করব।
শুক্রবার (১৩ মার্চ) সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াপদা খাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থেই আমরা সেই কাজগুলো হাতে নিয়েছি। খালগুলো আমরা খনন করবো, কিন্তু অবৈধ দখল ও ময়লা-আবর্জনা সরানো না গেলে খাল খননের যে বেনিফিট, সেটি আমরা পাব না। সে জন্য স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে সহযোগিতা করতে হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন স্থানে খাল-নদী দখল ও দূষণের ফলে বর্ষায় স্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। শুষ্ক মৌসুমে ইরিগেশন ও সবজি আবাদে পানি শূন্যতায় ব্যাহত হয় চাষাবাদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসব চিন্তায় খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। এজন্য কৃষি উৎপাদন ও মাছ চাষে সুফল পেয়েছে দেশের মানুষ। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহা পরিচালক মোহাম্মদ এনায়েত উল্লাহ, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান খান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ সহ অনেকে।
সময়ের আলো/জোই/এনএ