হোয়াইট হাউজের আয়োজনে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের ম্যানহাটনে দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সমাবেশে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ডিজিটাল দক্ষতা বাড়ানো, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
মেলানিয়া ট্রাম্পের ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের লক্ষ্য বিশ্বের শিশুদের জন্য শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণের পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ গঠনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে এ উদ্যোগে।
এর আগে চলতি বছরের মার্চে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার : গ্লোবাল কোয়ালিশন সামিট’-এও মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। সেখানে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো, প্রযুক্তির নিরাপদ ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে কাজে লাগানোর বিষয়ে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।
ওই সম্মেলনেও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ হয়। শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন উদ্যোগ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান। মার্চে ওয়াশিংটন এবং সেপ্টেম্বরে নিউইয়র্কের দুটি আয়োজনে তাঁর অংশগ্রহণ শিশুদের শিক্ষা, কল্যাণ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে মেলানিয়া ট্রাম্পের উদ্যোগে বাংলাদেশের সম্পৃক্ততার বিষয়টি সামনে এনেছে।
সময়ের আলো/এসএকে