ইরান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার অনুমতি দিয়েছে ইসরায়েল। তাদের হত্যা করতে বাড়তি অনুমোদনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।
এক বিবৃতিতে কাটজ বলেন, ‘প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ইরানের এমন যে কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে নির্মূলের অনুমতি দিয়েছি, যাদের বিষয়ে গোয়েন্দা তথ্য ও অভিযান পরিচালনার প্রস্তুতি শেষ হয়েছে। এ জন্য নতুন করে অনুমোদনের প্রয়োজন হবে না।’
কাটজ যোগ করেন, ‘আমরা তাদের সবাইকে নস্যাৎ করা এবং খুঁজে বের করে হত্যা করা অব্যাহত রাখব।’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এক বিমান হামলায় ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। তবে তার নিহতের বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের পাশাপাশি লেবাননেও আগামী কয়েক দিনে আরও ‘চমক’ রয়েছে বলে জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানান, এই যুদ্ধ ইরান ও হিজবুল্লাহ—উভয় ফ্রন্টে অব্যাহত থাকবে।
এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে ইসরায়েলের বিমান হামলায় আলী লারিজানি তার পুত্রসহ নিহত হয়েছেন।
একই দিন তেহরানে দেশটির পৃথক বিমান হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও নিহত হন। পরে ইরান তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে।
আজ ইরানের রাজধানী তেহরানে আলী লারিজানি, গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত দেশটির নৌ-সেনাদের জানাজা আজ বুধবার তেহরানে অনুষ্ঠিত হয়েছে।
ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, তাদের জানাজায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল পরিমাণ মানুষ অংশ নেন।
সূত্র : এএফপি ও আল-জাজিরা
সময়ের আলো/এআর