দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাসচাপায় আব্দুল গণি সরকার (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে পৌর শহরের বারোকোনা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল গণি সরকার পৌর এলাকার বারোকোনা গ্রামের মৃত তৈয়ব আলী সরকারের ছেলে।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে স্প্রিট ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের প্রেক্ষিতে স্থানীয়রা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী অজ্ঞাতনামা বাস পথচারী আব্দুল গণি সরকারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ঘটনা স্থলে স্প্রিট ব্রেকারের দাবিতে প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে শত-শত যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীসহ সাধারণ মানুষ।
পরে খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আব্দুল লতিফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়রা না মানলে এক পর্যায়ে ইউএনও হাছান ওই ঘটনাস্থলে স্প্রিট ব্রেকার স্থাপনের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
ওসি শাহ আব্দুল লতিফ ঘটনা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা করা হয়।
সময়ের আলো/জোই