দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে সপরিবারে ঈদ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি এতদিন নির্বাসনে থাকায় লন্ডনে ঈদ করেছেন। দলটির সিনিয়র নেতারা বেশিরভাগ নিজ সংসদীয় এলাকায় ঈদ করবেন। কেউ কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ঈদ করবেন। এ ছাড়া ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন দলের সিনিয়র নেতারা।
জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ঢাকায় ঈদ করবেন। এসব নেতা পরে নিজ নির্বাচনি এলাকায় যাবেন।
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান অসুস্থ থাকায় বিদেশে চিকিৎসা নিচ্ছেন। গয়েশ্বর চন্দ্র রায় নিজ নির্বাচনি এলাকা কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নিজ এলাকায় নরসিংদীর পলাশে, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে, সালাহউদ্দিন আহমেদ কক্সবাজারে এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে ঈদ করবেন।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ করবেন। এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান ও আবদুল আউয়াল মিন্টু ঢাকায়, বরকতউল্লা বুলু নোয়াখালী, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল এবং নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন।
যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদীতে, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে ঈদ করবেন। আরেক যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে এবং আব্দুস সালাম আজাদ মুন্সীগঞ্জের নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকায় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ঢাকার নিজ নির্বাচনি এলাকায় ঈদ করবেন। এ ছাড়া বেশিরভাগ নেতাই নিজ এলাকায় ঈদ করবেন।
বিএনপির এই নেতারা বেশিরভাগই সরকারের মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় করবেন। ঢাকাস্থ কূটনীতিক, রাজনৈতিক নেতা, এমপি-মন্ত্রী, বিশিষ্ট নাগরিক, আলেম ওলামা মশায়েখ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিএনপির নেতারা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
ঈদের দিন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ দলীয় এমপি ও সরকারের মন্ত্রীরা সকালে ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দান ও নিজ নিজ বাসাসংলগ্ন মসজিদ বা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান আজাদ মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারেন বলে জানা গেছে। এরপর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়ারত করবেন। তারপর অনেকেই নিজ গ্রামের বাড়ি যাবেন।
সময়ের আলো/আআ